শহীদ কাপুর আহত, রেঙ্গুনের শুটিং বন্ধ

‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন বলিউডি অভিনেতা শহীদ কাপুর। শুটিং করার সময় তাঁর আঙুলে চোট লাগে। আর ছয় ঘণ্টা বৃষ্টির মধ্যে শুটিং করায় জ্বরও জেঁকে বসে।
একই ছবিতে অভিনয় করার সময় একজন জাপানি অভিনেতাও বুকে ব্যথা পেয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয়। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বললেনও তিনি এখনই অভিনয় করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রেঙ্গুন’ ছবিটি। ‘ক্যাসাব্লাংকা’ ছবির আদলে নির্মীয়মাণ এ ছবিতে শহীদ কাপুর একজন ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। এ সময় এ ছবির মূল অভিনয়শিল্পীদের একজন—কঙ্গনা রনৌত ও একদল জাপানি সৈনিকও এ সময় ছিলেন শুটিং স্পটে।
‘রেঙ্গুন’ নিয়ে:
বিশাল ভরদ্বাজ তাঁর ছবিটি নিয়ে খুবই রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘আমার ছবিতে এমন কিছু বিষয় থাকবে, যা এর আগে সিনেমা পর্দায় কেউ করেনি কখনো, দেখেনি কখনো। ছবির বিশাল পরিসর যা আমি নিজেও কল্পনা করিনি আগে। প্রতিবছরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে দু’তিনটি ছবি নির্মিত হয়, কিন্তু এই যুদ্ধে ভারতের অংশগ্রহণের বিষয়টি এই ছবিতেই প্রথম এসেছে। ভারতীয় বাহিনীর অনেক সৈন্যই এ যুদ্ধে নিহত হয়েছে। বার্মায় (মিয়ানমার) রয়েছে তাদের সমাধি। মিয়ানমার সরকারের কাছে সে দেশে শুটিংয়ের জন্য আবেদন করা হয়েছে।’
তবে তার আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ভারতের আসাম ও অরুণাচল প্রদেশে ছবিটির শুটিং হবে। টাইমস অব ইন্ডিয়া।