শহীদ কাপুরের বাড়িতে ডেঙ্গু মশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদরা যে বাড়িতে থাকেন
শহীদরা যে বাড়িতে থাকেন
নিজ বাসভবনের সামনে শহীদ কাপুর
নিজ বাসভবনের সামনে শহীদ কাপুর

খবরটা শহীদের জন্য চিন্তারই বটে। ঘরে তাঁর নবজাতক। কন্যাসন্তান।
বাড়িতে ডেঙ্গুবাহক মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গার সন্ধান মিলেছে। এই মর্মে অভিনেতা শহীদ কাপুরকে নোটিশ দিল মুম্বাই পৌরসভা।
জানা গেছে, শহীদের জুহু তারা রোডের বাড়িতে নিয়মিত পরীক্ষার জন্য যায় পুরসভার একটি দল। প্রথমে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। পরে পুলিশের সাহায্য নিয়ে শহীদের বাড়িতে ঢোকে পৌরসভার দলটি। অভিনেতার বাড়ির সুইমিং পুলে ডেঙ্গুবাহক মশার ডিম পাড়ার উপযুক্ত জায়গা দেখতে পান পৌরকর্মীরা। এর জেরেই শহীদ কাপুরকে নোটিশ পাঠায় মুম্বাই পৌরসভা। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহীদ কাপুর।
শহীদের মুখপাত্র জানিয়েছেন, পৌরসভার এই অভিযানের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন শহীদ। তাঁর বাড়িতে সদ্যোজাত সন্তান রয়েছে। তাই এই বিষয়টি তাঁর কাছে ভীষণ চিন্তার।
প্রসঙ্গত, ওই বহুতলেরই চতুর্থ তলায় থাকতেন অভিনেত্রী বিদ্যা বালন। গতকালই তাঁর ডেঙ্গু-আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। আবাসনের পঞ্চম তলায় মশার ডিম পাড়ার উপযুক্ত দুটি জায়গা দেখতে পেয়েছেন পুরসভার কর্মীরা। সেটির মালিক মীরা পাটেল। তাঁকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ। গত বছর বিএমসি এই একই কারণে চিঠি পাঠিয়েছিল বলিউড তারকা অনিল কাপুর, জুহি চাওলাকে।