শাবানা আজমির চার দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবানা আজমি
শাবানা আজমি

১৯৭৪ সালে খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল লক্ষ্মীমন্ত একটা মেয়েকে তাঁর অঙ্কুর ছবির লক্ষ্মী চরিত্রের জন্য নির্বাচন করেছিলেন। ২৪ বছর বয়সী সেদিনের সেই নবাগতা অভিনেত্রীই পরে কিংবদন্তি হিসেবে অঙ্কুরিত হয়েছেন। যাঁকে বিশ্ব শাবানা আজমি নামে চেনে। বহুল আলোচিত সেই অঙ্কুর ছবিটির চার দশক পূর্ণ হলো ২৪ সেপ্টেম্বর। পূর্ণ হলো শাবানার ক্যারিয়ারেরও ৪০ বছর।
দিনটি ঠিকই মনে রেখেছেন শাবানা। এদিন টুইট করে তিনি লিখেছেন, ‘৪০ বছর আগে ২৪ সেপ্টেম্বর ১৯৭৪ সালে আমার প্রথম ছবি অঙ্কুর মুক্তি পেয়েছিল। শ্যাম বেনেগালকে ধন্যবাদ জানাই আমাকে দুর্দান্ত এই ব্রেকটি দেওয়ার জন্য।’
অঙ্কুর-এর পর শতরঞ্জ কি খিলাড়ি, আর্থ, সোয়ামি, মান্ডি, মাসুম, জুনুন-এর মতো ছবি দিয়ে বিকল্পধারার ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করেন শাবানা। কিন্তু শুধু বিকল্পধারার গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। ফাকিরা, অমর আকবর অ্যান্থনি, পারওয়ারিশ-এর মতো বাণিজ্যিক ধারার ছবিতেও কাজ করেছেন।
শুধু চলচ্চিত্র নয়, সামাজিক আন্দোলনেও সোচ্চার কণ্ঠস্বর জাভেদ আখতারের সহধর্মিণী। একটি বেসরকারি সংস্থাও পরিচালনা করেন। শাবানাকে তাঁর ক্যারিয়ারের চার দশক পূর্ণ করায় ভক্ত ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।