শাবানাকে সোনমের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবানা আজমি-সোনম কাপুর
শাবানা আজমি-সোনম কাপুর

৮ মে ছিল আন্তর্জাতিক মা দিবস। এদিন অনেক সন্তানই তাঁদের মাকে উপহার দিয়েছেন। মাকে নিয়ে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে মিষ্টি, মধুর বার্তা লিখেছেন। এদিক দিয়ে পিছিয়ে নেই বলিউড তারকারাও। মা দিবস উপলক্ষে সালমান খান, বিপাশা বসু, বরুণ ধাওয়ান, ফারাহ খানসহ অনেকেই নিজেদের মায়ের সঙ্গে ছবি তুলে টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কেউ আবার টুইট বার্তায় মায়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুধু বাস্তবের মা নয়, পর্দায় তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন—এমন একজনকেও মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের চিত্রনায়িকা সোনম কাপুর। এ বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘নিরজা’। এখানে সোনমের মায়ের ভূমিকায় ছিলেন শাবানা আজমি। মা দিবসে এই তারকাকে সোনম পাঠিয়েছেন বিশেষ উপহার।


৮ মে শাবানা আজমির বাসায় একগুচ্ছ ফুল, কার্ড আর কিছু উপহার পাঠিয়েছেন সোনম কাপুর। শাবানা তাতে ভীষণ খুশি হয়েছেন। উচ্ছ্বসিত হয়ে টুইটারে সোনমের পাঠানো উপহারের ছবি তুলে পোস্ট করেছেন। সোনমকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ সোনম, মা দিবসে এই অসাধারণ শুভেচ্ছা বার্তা আর বিশেষ উপহারের জন্য। বেঁচে থাকো, ভালো থেকো।’ এনডিটিভি।