শারীরিক উচ্চতা নয়, পেশাগত উচ্চতাই আসল
বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন রানী মুখার্জি। উপহার দিয়েছেন একাধিক স্মরণীয় চরিত্র। এই জনপ্রিয় তারকাই কিনা একসময় নিজেকে নায়িকা ভাবতে পারতেন না, সব সময় তাঁর মধ্যে একটা হীনম্মন্যতা কাজ করত। নতুন ছবি ‘বান্টি অওর বাবলি টু’র প্রচারণায় এসে নিজেই এসব জানালেন রানী।বলেছেন, ‘চলচ্চিত্রের পরিবেশে বেড়ে ওঠার পরও নিজে কখনো অভিনেত্রী হতে চাইনি। আমার মা জোর করে আমাকে দিয়ে প্রথম ছবিতে অভিনয় করিয়েছিলেন। আমার কখনোই মনে হতো না যে নায়িকা হিসেবে আমি জুতসই হতে পারি। আসলে তথাকথিত বলিউড নায়িকাদের চেয়ে আমি একদম বিপরীত ছিলাম। উচ্চতা কম, কণ্ঠস্বর নায়িকাসুলভ নয়, গায়ের রং তামাটে।
ক্যারিয়ার শুরু করার সময় আমার মনে হয়েছিল, আমি কখনোই অভিনেত্রী হিসেবে সফল হব না। শ্রীদেবী, মাধুরী, জুহি, রেখাজিকে দেখে বড় হয়েছি। তাঁরাই পর্দার দেবী। আমি কখনোই তাঁদের জায়গায় নিজেকে কল্পনা করতে পারতাম না।’
এই অভিনেত্রী জানান, নিজেকে নিয়ে তাঁর এই চিন্তা বদলে দিয়েছিলেন তামিল তারকা কমল হাসান।
রানী বলেন, ‘আমার এই ফিল্মি যাত্রায় অনেকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। তাঁদের মধ্যে একজন কমল হাসান। তিনি আমাকে বলেছিলেন, ‘নিজের শারীরিক উচ্চতা দিয়ে নিজের সফলতাকে যেন না মাপি। পেশাগত জীবনে কতটা উচ্চতায় পৌঁছাতে পারছি, সেটাই আসল। তারপর থেকে আমি বলিউড নায়িকাদের ঘিরে তথাকথিত চিন্তাভাবনা থেকে বের হয়ে আসি।’
রানী তাঁর নিজের জীবন নিয়ে আরও জানান, অভিনয়শিল্পী হিসেবে তিনি উচ্চাকাঙ্ক্ষী। রানী বলেন, ‘আপনি যদি উচ্চাকাঙ্ক্ষী না হন, তাহলে আপনি শিল্পী নন। যদি বলি, ভক্তদের প্রশংসা পাওয়ার লোভ আমার মধ্যে নেই, তাহলে মিথ্যা বলা হবে। আমি চাই, ভক্তরা আমার কাজ ভালোবাসুক। তাঁদের মুখ থেকে প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকি।’
গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘বান্টি অওর বাবলি টু’। ছবিটি রানীরই অভিনীত সুপারহিট সিনেমা ‘বান্টি অওর বাবলি’র সিকুয়েল। বরুণ ভি শর্মা পরিচালিত ছবিটিতে রানী ছাড়া আছেন সাইফ আলী খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরী বাগ।