শাহরুখ এবার অন্য রকম করে জন্মদিন কাটাবেন

প্রতিবার গণমাধ্যমকর্মী আর অতিথিদের তিনি ডেকে নেন নিজ বাড়িতে। কেক কেটে উদ্যাপন করেন জন্মদিন। এক দশক ধরে এভাবেই হয়ে আসছিল কিং খান শাহরুখের জন্মদিন উদ্যাপন। তবে এবারই ঘটবে ব্যতিক্রম। আগামী নভেম্বরের ২ তারিখে ৫১তম জন্মবার্ষিকী নিজ বাড়ি মান্নাতে কাটাবেন না শাহরুখ খান।
প্রতিবার মান্নাতে জন্মদিন উদ্যাপন করলেও এবার সেখানে তা করতে পারছেন না। এখন তিনি নতুন ছবির জন্য বিদেশে দুই মাসের বেশি সময় ধরে রাত-দিন কাজ করছেন। ব্যক্তিগত কাজে তিনি ভারত এসেছেন। ভারত ছাড়ার আগে তিনি এখানে ছবিসংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত থাকবেন।
শাহরুখের একটি সূত্র জানায়, সব কাজ শেষ করে পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমাবেন শাহরুখ। সেখানেই জন্মদিনটি কাটাবেন। তবে কোন দেশে যাবেন, তা জানা যায়নি। সেটা হতে পারে তারকা পরিবারের অবকাশযাপনের প্রিয় জায়গা সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা যুক্তরাজ্যের লন্ডন।
ইমতিয়াজ আলী পরিচালিত ‘দ্য রিং’ ছবি নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত শাহরুখ খান। শিগগিরই তাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে