শাহরুখ-কাজলের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভের প্রশংসা পাওয়া সহজ নয়। সম্প্রতি ‘দিলওয়ালে’ তারকা শাহরুখ খানের এক আত্মসমালোচনামূলক টুইটের জবাবে শাহরুখ ও কাজল জুটিকে রীতিমতো ‘সেরা নাচিয়ে’ হিসেবেই প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি শাহরুখ খান তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লিখেছিলেন, পৃথিবীতে আমি সবচেয়ে পছন্দ করি কাজ করা। আর যদি সে কাজটা হয় কাজলের সঙ্গে নাচা, তাহলে তো আরও ভালো। কিন্তু সত্যি বলতে কী, আমরা দুজন সম্ভবত পৃথিবীর সবচেয়ে ‘বাজে’ নাচিয়ে হিসেবে সেরা!
শাহরুখের এই আত্মসমালোচনামূলক টুইট নজরে পড়ার পর অমিতাভ তাঁর টুইটে শাহরুখের এ কথার ঠিক উল্টো কথাই লিখেছেন।
অমিতাভ তাঁর টুইটে শাহরুখকে উদ্দেশ করে চমৎকারভাবে লিখেছেন, ভুল!! তোমরা দুজনেই অনেক অনেক ভালো... আমিই সবচেয়ে খারাপ, খারাপ!!
এখানেই শেষ নয়। অমিতাভের টুইট পেয়ে শাহরুখও এর উত্তরে মিস্টি এক টুইট বার্তা লেখেন। শাহরুখ তাঁর টুইটে লেখেন, স্যার, দুঃখিত, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু ‘খারাপ’ নাচায় আমি আপনাকে হারিয়ে দিতে পারব! শাহরুখ তাঁর ফর্ম সম্পর্কে টুইটে আরও লিখেছেন, বর্তমানে তাঁর অবস্থা বোঝাতে হলে ‘ভয়াবহ’ শব্দটিই বলতে হয়।

অমিতাভের সেই টুইটের ছবি
অমিতাভের সেই টুইটের ছবি

‘কিং খান’ শাহরুখ ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রোহিত শেঠি ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এ ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও প্রধান দুটি চরিত্রে দেখা যাবে এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননকে।
প্রসঙ্গত, শাহরুখ খান ও কাজল জুটির তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিটি অসংখ্য দর্শকের মন জয় করেছিল। বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় এই ছবির কল্যাণে জুটি হিসেবেও তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শাহরুখ-কাজল। দীর্ঘদিন পর এই জুটিকে নিয়ে ‘দিলওয়ালে’ ছবি নির্মাণ করছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি।
বড়দিনের উৎসবকে সামনে রেখে ‘দিলওয়ালে’ ছবিটি এ বছরের ডিসেম্বর মাসের ২৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।