শাহরুখ-কাজলের 'দিলওয়ালে' পঁচিশে ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দিলওয়ালে’ ছবির সেটে রোহিত শেঠির সঙ্গে তোলা এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন বরুণ ধাওয়ান।
‘দিলওয়ালে’ ছবির সেটে রোহিত শেঠির সঙ্গে তোলা এই ছবিটি টুইটারে পোস্ট করেছেন বরুণ ধাওয়ান।

নব্বই দশকের সাড়া জাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে শাহরুখ খান ও কাজল জুটির অনবদ্য অভিনয় অগণিত দর্শকের হৃদয় জয় করেছিল। বলিউডের ইতিহাসে অন্যতম সফল এ ছবির কল্যাণে ব্যাপক জনপ্রিয়তা পায় শাহরুখ-কাজল জুটি। এবার এই জুটিকে নিয়ে ‘দিলওয়ালে’ ছবি নির্মাণ করছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত বলিউডের চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। সম্প্রতি তিনি জানিয়েছেন, বড়দিন উৎসবকে সামনে রেখে ‘দিলওয়ালে’ মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।
এ প্রসঙ্গে রোহিত শেঠি বলেন, ‘বর্তমানে ‘‘দিলওয়ালে’’ ছবির শুটিং চলছে। ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাই না আমি। শুধু এটুকু বলব, রোহিত শেঠি যে ধরনের ছবি বানায়, এটিও হবে তেমন একটি ছবি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
রোহিত আরও বলেন, ‘আমার ‘‘গোলমাল’’ এবং ‘‘সিংহাম’’ ছবির মতো এই ছবিরও অর্ধেক অংশের শুটিং হবে গোয়ায়। ইতিমধ্যে গত মার্চ মাস থেকে মুম্বাইয়ে ‘‘দিলওয়ালে’’ ছবির শুটিং শুরু হয়েছে।’
কমেডি-ড্রামা ঘরানার ‘দিলওয়ালে’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন রোহিত শেঠি ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। শাহরুখ-কাজল ছাড়াও ছবিটির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননকে। ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কবির বেদি, বিনোদ খান্না, জনি লিভার, বোমান ইরানি প্রমুখ।
এদিকে ‘দিলওয়ালে’ ছবির সেটে রোহিত শেঠির সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন বরুণ ধাওয়ান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রোহিত শেঠির সঙ্গে ‘‘দিলওয়ালে’’ ছবির সেটে।’

আরও জানতে পড়ুন: