শাহরুখ খানের থ্রিডি প্রিন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু চলচ্চিত্রে শাহরুখের জনপ্রিয় এই ভঙ্গিমাতেই গড়া হয়েছে তাঁর থ্রিডি প্রিন্ট ভাস্কর্য।
বহু চলচ্চিত্রে শাহরুখের জনপ্রিয় এই ভঙ্গিমাতেই গড়া হয়েছে তাঁর থ্রিডি প্রিন্ট ভাস্কর্য।

শাহরুখ খানকে বহুরূপেই দেখেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। রুপালি পর্দা কিংবা উৎসবে-অনুষ্ঠানে নানা ভঙ্গিমায় সারা দুনিয়ার সামনে হাজির হয়েছেন এই বলিউড তারকা। কিন্তু এবার শাহরুখ এলেন এক রৌপ্যমূর্তির মতো ধাতব অবয়বে। শাহরুখের এ ভাস্কর্য করা হয়েছে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে! ভারত তো বটেই সারা দুনিয়াতেই কারও এমন প্রমাণ আকারের থ্রিডি প্রিন্ট এই প্রথম! খবর এনডিটিভির।

শাহরুখের সুঠাম শরীরের বাস্তব আকৃতির এই থ্রিডি প্রিন্ট ভাস্কর্য দেখে মনে হয় যেন এটা রুপার রঙের ধাতুতে গড়া মূর্তি। জনপ্রিয় এই অভিনেতাকে এই মূর্তি গড়ে উপহার দিয়েছে তাঁরই প্রযোজনা সংস্থা রেড চিলিস এবং ভারতীয় থ্রিডি ডিজাইন প্রতিষ্ঠান অটোডেস্ক ইন্ডিয়া।

অভিনব এই উপহার পেয়ে খুবই খুশি শাহরুখ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘রেড চিলিসের করা প্রমাণ আকারের প্রথম থ্রিডি প্রিন্টেড মডেল এটা। রেড চিলিসের ভিএফএক্স এবং অটোডেস্কের দল এটা করেছে। এটা অভাবনীয় যে প্রযুক্তি কতদূর এগিয়েছে। এই দারুণ প্রযুক্তির অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা খুবই অসাধারণ হয়েছে এবং আমার বাচ্চাদের এটা দেখাতে মরিয়া হয়ে আছি আমি। আমার ধ্রুপদি ভঙ্গির রুপার রঙের চকচকে মূর্তি এটা।’

শাহরুখ আরও বলেন, ‘আমি এ কাজের সঙ্গে যুক্ত কাইটেন, হ্যারি, রেড চিলিসের দল এবং অটোডেস্কের দলসহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি সারা জীবন ধরে যা করেছি, এটা তারই একটা স্বীকৃতির মতো।’

শাহরুখের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর সাফল্য এবং চলচ্চিত্রটির বহু পুরস্কারে ভূষিত হওয়ার এই সময়ে এমন একটা অভাবনীয় উপহার তো পেতেই পারেন এই তারকা। আর তা ছাড়া গতকালই তো শাহরুখ অভিনীত করণ অর্জুন চলচ্চিত্রটির ২০ বছর পূর্তি হলো।