শাহরুখ বনাম দীপিকা!

শাহরুখ খানের প্রতি তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। বলিউডে যাত্রাই শুরু হয়েছিল শাহরুখের সঙ্গে ওম শান্তি ওম দিয়ে। প্রথম ছবির অবিস্মরণীয় সাফল্যে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। চেন্নাই এক্সপ্রেস তো ভেঙে দিয়েছিল সব রেকর্ডই। সেই শাহরুখের ‘মুখোমুখি’ দাঁড়িয়ে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন।
বলিউডে বেশ কিছুদিন থেকে কথা চলছে, শাহরুখের দিলওয়ালে আর দীপিকার বাজিরাও মাস্তানি একই সময় মুক্তি পাওয়া নিয়ে। এ নিয়ে দীপিকা মজা করে টুইট করেছিলেন ‘চ্যালেঞ্জটা নিলাম’। কিন্তু শাহরুখ সেই মজাটা নাকি নিতে পারেননি বলেই দীপিকা পরে সেই টুইট মুছে ফেলেন।
এমনও শোনা গেল, একই সময়ে দুটি ছবি যেন মুক্তি না পায়, এ জন্য দীপিকা নাকি শাহরুখকে মুক্তির দিনক্ষণ নিয়ে ভাবার জন্য অনুরোধও করেছিলেন।
সব গুঞ্জন আবারও উড়িয়ে দিলেন দীপিকা। বললেন, শাহরুখের সঙ্গে আর যা-ই হোক, প্রতিদ্বন্দ্বিতা করার ভাবনা তিনি মনের দূরবর্তী কোণেও ঠাঁই দেন না। টিওআই।