শাহরুখ-বন্দনায় সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও সালমান
শাহরুখ ও সালমান

শাহরুখ ও সালমান এখন যেন হরিহর আত্মা। মাঝে এই দুই খানের সম্পর্ক যে ভেঙে খান খান হয়ে গিয়েছিল, তা সবারই জানা। সম্প্রতি সালমান তাঁর বহুপ্রতীক্ষিত ছবি ‘টিউবলাইট’-এর প্রচারের সময় বলেন, ‘আমি খুবই খুশি যে শাহরুখ আমার ছবিতে অভিনয় করেছেন। আর “টিউবলাইট”-এ শাহরুখের উপস্থিতি ছবির মোড় ঘুরিয়ে দেবে।’

সাল্লু ভাইয়ের ঘরের ছবি ‘টিউবলাইট’-এ কিং খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ক্যামিও হিসেবে। আর এই দুই খানকে দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে দেখার জন্য উদ্‌গ্রিব হয়ে আছেন হাজারো চলচ্চিত্রপ্রেমী। এই দুই তারকাকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘ওম শান্তি ওম’ ছবির এক গানে। মাঝে সালমান আর শাহরুখের অহিনকুল সম্পর্ক নিয়ে সংবাদপত্রে পাতার পর পাতা লেখা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই মিয়াঁর সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে থাকে। আর তা আরও বেশি প্রকট হয় যখন সালমান শাহরুখের ‘মান্নাত’-এ এক পার্টিতে তাঁর দলবল নিয়ে গিয়ে হাজির হন। শুধু তা-ই নয়, সেখানে দীর্ঘ সময় কাটান। তাঁদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করতে কিং খানও তাঁর গ্যাং নিয়ে হাজির ছিলেন সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। বলিউডের সুলতানের এই ঘরোয়া পার্টিতে বাদশা গিয়ে পৌঁছান রাত ১২টার সময়। ভোর চারটা অবধি দুই খান একসঙ্গে সময় কাটান।
কবির খান পরিচালিত ‘টিউবলাইট’-এ চীনা অভিনেত্রী চু চু, সোহেল খান ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ওমপুরিকে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের ওপর নির্মিত ছবি ‘টিউবলাইট’-এর আলো জ্বলবে ঈদের আগেই। ২৩ জুন ছবিটি মুক্তি পাবে।