শাহরুখ বললেন 'দারুণ', আমির বললেন 'লাভ ইট'

বলিউডের ছবিগুলোর প্রশংসা শুরু হয় টিজার থেকে। বড় বড় তারকার কাছ থেকে প্রশংসিত হওয়ার পর ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। সে রকমই এক ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেটি দেখে শাহরুখ খান বলেছেন ‘দারুণ’ আর আমির খান বললেন ‘লাভ ইট’। দুই খানের প্রশংসাধন্য এ টিজার এবার দর্শকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত সোমবার সকালে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। আজ বুধবার বেলা একটা পর্যন্ত সেটি দেখা হয়েছে প্রায় ৪৭ লাখ ২০ হাজার ৪২৭ হাজার বার। প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যের ঘর। শুধু দুই খানই নন, টুইট করে টিজারটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। বিশেষ করে ছবির মূল গানটি নিয়ে যেন উচ্ছ্বাসের সীমা নেই তাঁদের।
অনেক বলিউড তারকা টুইট করে অভিনন্দন জানিয়েছেন ছবির অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর ও আনুশকা শর্মাকে। মাত্র ৮০ সেকেন্ডের টিজারে রণবীর-ঐশ্বরিয়া-আনুশকার ত্রিমুখী প্রেমের সৌন্দর্য ও যাতনা ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে। ছবিতে ফাওয়াদ খানকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। যদিও টিজারে তাঁর উপস্থিতি খুব সামান্য।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন করন জোহর। অভিনন্দন টুইটে শাহরুখ খান লিখেছেন, ‘করন জোহর, শুভকামনা ভাই। টিজার খুবই সুন্দর হয়েছে।’
আর আমির লিখেছেন, ‘ওয়াও, কী সুন্দর গান! শুধু গানটাকে ভালোবাসো।’ অভিষেক বচ্চন টুইট করেন, ‘শাবাশ, করন জোহর। ছবি দেখার জন্য তর সইছে না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস