শাহরুখ-ভক্তের অদ্ভুত চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

প্রিয় তারকাকে চোখের সামনে পেলে কেউ হয়তো একটু ছুঁয়ে দেখতে চান। কিংবা কেউ প্রিয় তারকার অটোগ্রাফ নিজের সংগ্রহে রাখতে চান। আর এই যুগে আর কিছু হোক বা না হোক, পছন্দের তারকার সঙ্গে একটা সেলফি তো তোলা চাই-ই চাই। তবে বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি তাঁর এমন এক ভক্তের কথা জানিয়েছেন, যাঁর এসবের কোনোটির প্রতিই কোনো চাহিদা নেই, বরং তাঁর ছিল এক অদ্ভুত বায়না। শাহরুখের সেই অন্ধ ভক্ত প্রিয় তারকার অটোগ্রাফ, ফটোগ্রাফ কিছুই চাননি। চেয়েছিলেন কেবল শাহরুখের সুইমিং পুলে একটু গা ভেজাতে।

শাহরুখ তাঁর নতুন ছবি ‘ফ্যান’-এর এক সংবাদ সম্মেলনে এই মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই সিনেমাটিও এমনই এক ভক্তকে নিয়ে। ইংরেজিতে যাকে ‘ডাই হার্ড’ ফ্যান বলা হয়। শাহরুখের নিজের জীবনেও এমন অনেক ভক্ত রয়েছে। তাঁদের মধ্য থেকে একজনের কথা তিনি সেই অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করেন।
‘দিলওয়ালে’ তারকা বলেন, ‘কোনো এক রাতে এক লোক আমার বাড়িতে ঢুকে পড়ে ও জামাকাপড় খুলে আমার সুইমিং পুলে ঝাঁপ দেয় আর সাঁতার কাটতে থাকে। নিরাপত্তাকর্মীরা তাঁকে সেখান থেকে ধরে এনে জানতে চায়, সে কে? উত্তরে লোকটি জানায়, সে কিচ্ছু চায় না, শুধু আমার এই পুলে একটু সাঁতার কাটতে চায়। বিষয়টি আমার কাছে খুবই মজার ও স্নেহ-সঞ্চারক মনে হয়েছিল।’


এভাবেই নিজের সেই ভক্তের কথা জানান শাহরুখ খান। পরে নিচে নেমে এসে শাহরুখ নাকি সেই ভক্তের সঙ্গে কোলাকুলিও করেন।
শাহরুখের কি এমন কোনো ভক্ত আছে যে তাঁকে ভয় পাইয়ে দেয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘কিং খান’ বলেন, ‘তাঁর নারী ভক্তরা কখনোই তাঁর ‘‘ভয়’’-এর কারণ হয়নি; বরং ছেলে ভক্তদের তুলনায় তাঁরা সাধারণত মিষ্টি ও সংবেদনশীল।’
নিজেকে খুবই সাধারণ একজন বলে দাবি করেন পঞ্চাশ বছর বয়সী এই অভিনেতা। আর এই কারণেই নাকি তাঁর ভক্তরাও অত্যন্ত ভদ্র এবং বিনয়ী, যাঁরা কোনো ধরনের ভয় বা বিরক্তির উদ্রেক করে না। এনডিটিভি।