শাহরুখ যার ইশারায় নাচেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে আব্রামকে নিয়ে শাহরুখ খান
ছেলে আব্রামকে নিয়ে শাহরুখ খান

শাহরুখ খানের পাশাপাশি হামেশাই খবরের শিরোনামে থাকে খান খানদানের এক রত্তি আব্রাম। ‘যব হ্যারি মেট সেজল’ ছবির শুটিংয়ের সময় লিসবন, বুদাপেস্ট থেকে মুম্বাই—সব সময় বাবার সঙ্গে আষ্টেপৃষ্ঠে ছিল আব্রাম। এবার ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিটির তৃতীয় গান প্রকাশের সময় উঠে এল বাপ-বেটার সম্পর্কের এক নতুন রসায়ন। বলিউড সুপারস্টার শাহরুখ খান জানালেন কার ইশারায় তিনি নাচেন। বলিউড বাদশা বলেন, ‘আব্রামই আমাকে নাচ করতে উৎসাহ জোগায়। ওর ইশারাতে আমাকে ওর ছন্দে ছন্দ মেলাতে হয়। আব্রাম নাচতে খুব ভালোবাসে। আমার ওর নাচ দেখতে দুর্দান্ত লাগে।’

শাহরুখ তাঁর ছোট ছেলে আব্রামের সম্পর্কে আরও এক নতুন তথ্য দেন। তিনি বলেন, ‘আমি যত না আব্রামের ব্যাপারে রক্ষণশীল, তার চেয়েও সে আমার ব্যাপারে বেশি রক্ষণশীল।’ তিনি আরও বলেন, ‘পর্দায় আমাকে কেউ মারলে আব্রাম তাঁকে একদমই ভালো চোখে দেখে না। সেই ব্যক্তিটির সঙ্গে পরে দেখা হলে ও তাঁর দিকে কড়া নজরে তাকিয়ে থাকে। এমনকি ‘দিলওয়ালে’ ছবি দেখার পর কাজলের সঙ্গে একই ব্যবহার করেছিল খুদেটা। ‘রইস’ দেখে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ওপর রেগে ছিল আব্রাম। দুবাইতে নওয়াজ ভাইয়ের সঙ্গে দেখা হলে সে তার রাগ প্রকাশ করে। তবে এমনিতে খুবই ঠান্ডা প্রকৃতির ছেলে আব্রাম।’