শাহরুখ, রজনীকান্তরা উপস্থিত নয়নতারার বিয়েতে
অবশেষে দক্ষিণি নায়িকা নয়নতারা আর বিগনেশ শিবানের চার হাত এক হয়েছে। আজ সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। আজ সকালে তামিলনাড়ুর মহাবলিপুরমের এক বিলাসবহুল রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আজ সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় ৩৭ বছরের নয়নতারা ও ৩৬ বছর বয়সী বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তাঁরা। দুপুর প্রায় ১২টা নাগাদ চিরবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। দুই পরিবারের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বিয়ের সময় উপস্থিত ছিলেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানে সকাল থেকেই বলিউড এবং দক্ষিণি তারকাদের সমাগম দেখা যায়। বিয়েতে এখন পর্যন্ত দেখা গেছে রজনীকান্ত, শাহরুখ খান, বিজয় সেতুপতি, মণিরত্নম, সূর্যা, আনন্দ শঙ্কর, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ অনেককে। নেট দুনিয়ায় সবাই এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পোশাকে নির্দিষ্ট রং নির্ধারন করা হয়ে ছিল। জানা গেছে, বিয়েতে আমন্ত্রিত সকলকে এক বিশেষ কোড দেওয়া হয়েছে। আর এই দক্ষিণি এই জুটির বিয়ে উপলক্ষে কড়া সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে।এই দক্ষিণি তারকা জুটির বিয়েতে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন করা হয়েছে। বিয়ের মেনুতে আছে চিকেন চেট্টিনাদ কারি, পোরিয়াল, কার্ড-রাইস, বাদাম হালুয়া, সম্বর, রসম,পায়েসমসহ জিভে জল আনা আরো দক্ষিণি পদ।
গতকাল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই রিসোর্টেই সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করা হবে বলে জানা গেছে। আজ বিকেলে এই জুটি তাঁদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। আর আগামী ১১ জুন এই দম্পতির সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করার কথা। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সঙ্গেএকসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করবেন তাঁরা।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে দীর্ঘ ৭ বছর চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। গত বছর তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়।
বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।