শাহরুখ, রণবীরকে পেছনে ফেললেন প্রিয়াঙ্কা

ব্যাং ব্যাং ছবির প্রচারণা উপলক্ষে হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ চ্যালেঞ্জ দারুণ জনপ্রিয় হয়েছে। তাঁর ছুড়ে দেওয়া অদ্ভুত সব চ্যালেঞ্জের জবাব দিয়েছেন বলিউডের একাধিক তারকা। তবে এই চ্যালেঞ্জে সাড়া দিয়ে সবাইকে ছাপিয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জনপ্রিয় এ তারকা অভিনেত্রী ও গায়িকা।
সম্প্রতি ভারতের জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল এই জরিপের আয়োজন করে। জরিপে প্রায় ২৫ হাজার ভোট পড়ে ব্যাং ব্যাং চ্যালেঞ্জে অংশ নেওয়া তারকাদের নামে। ৫৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন প্রিয়াঙ্কা। তাঁর পর রণবীর সিং পেয়েছেন ২২ শতাংশ ভোট। আর ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ঝুলিতে জমা পড়েছে ১৯ শতাংশ ভোট। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
প্রিয়াঙ্কাকে মাথা নিচে রেখে ও পা ওপরে তুলে হেডস্ট্যান্ড এবং পুশ-আপের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হৃতিক। ম্যারি কম তারকা প্রিয়াঙ্কার কাছে কোনো কিছুই যে অসম্ভব নয় তা প্রমাণ করতেই বুঝি হৃতিকের চ্যালেঞ্জ গ্রহণ করেন প্রিয়াঙ্কা। তিনটি হেডস্ট্যান্ড এবং পুশ-আপ করেন তিনি। সবাইকে অবাক করে দিয়ে উঁচু হিল জুতা পরে তিনি এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন। প্রিয়াঙ্কার হেডস্ট্যান্ড ও পুশ-আপের ভিডিও প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে হইচই পড়ে যায়।