শাহরুখ-সালমানের রাতে সেরা অমিতাভ

ঘটনা রোববার রাতের। ভারতের মুম্বাইয়ে ওই রাতে দেওয়া হয় স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড। শাহরুখ-সালমানের যৌথ উপস্থাপনার খবরে আয়োজনটি প্রথমেই আলোচনায় এসেছে।
দুই খান, শাহরুখ ও সালমান, এ রাতে হাতে হাত ধরে হাঁটলেন লাল গালিচায়। সাইকেল চালালেন। নাচলেন ‘করণ-অর্জুন’ ছবির ‘ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যায়’ গানের তালে তালে। বলিউডের অন্যতম শীর্ষ দুই তারকার দারুণ সময় কেটেছিল সেদিন।
পুরস্কার ঘোষণা পর্বে বারবার উচ্চারিত হয়েছে অমিতাভের ‘পিংক’ ছবিটির নাম। চারটি অ্যাওয়ার্ড জিতে নিল ছবিটি। অমিতাভ বচ্চন পেলেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রী ‘উড়তা পাঞ্জাব’ ছবির নায়িকা আলিয়া ভাট।
‘পিংক’-এর ভান্ডারে সেরা ছবি, সেরা অভিনেতা ছাড়াও যোগ হয়েছে সেরা সম্পাদনা ও সেরা সংলাপের পুরস্কার। সম্পাদনা করে পুরস্কৃত হয়েছেন বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। এ ছবির সংলাপের জন্য পুরস্কার জিতেছেন রিতেশ শাহ।
অমিতাভ তাঁর পুরস্কার উৎসর্গ করেন পাশে বসে থাকা কন্যা শ্বেতাকে। এবার সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হলেন ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র সুশান্ত সিং রাজপুত। সেরা অভিনেত্রী ‘নিল বাটে সান্নাটা’র স্বরা ভাস্কর। আজীবন সম্মাননা পেলেন রেখা। রেখার হাতে আজীবন সম্মাননার পুরস্কারটি তুলে দেন এই প্রজন্মের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনিও পেয়েছেন পুরস্কার, সেরা ‘স্টাইল আইকন’-এর। অনুষ্ঠানে ‘পরদেশিয়া’ গানের তালে রেখার বিশেষ পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
