শাহরুখ সুস্মিতা - পথে হলো দেখা

শাহরুখ খান-সুস্মিতা সেন। দুজনের কাজের ক্ষেত্র এক, বন্ধুত্বটাও দারুণ। তবে আজকাল দেখা-সাক্ষাৎ খুব একটা হয়ে ওঠে না। শাহরুখ দেশ–বিদেশে শুটিং নিয়ে ব্যস্ত। সুস্মিতাও ঘুরে বেড়ান সন্তানদের নিয়ে। ঘোরাঘুরির মধ্যেই দুজনের দেখা হলো সম্প্রতি।
সম্প্রতি মুম্বাই থেকে একই বিমানে পাড়ি দিলেন শাহরুখ ও সুস্মিতা। এক বিমানে গেলেও আগে থেকে বিষয়টি কেউই জানতেন না। কাকতালীয়ভাবে দেখা হয়ে যায় তাঁদের। এ যাত্রায় সুস্মিতার সঙ্গে ছিল দুই মেয়ে রেনে ও আলিশা। শাহরুখকে দেখে চিৎকার করে ওঠেন সুস্মিতা। যেন বন্ধুত্বের পুনর্মিলন। বিশেষ করে সুস্মিতার ছোট মেয়ে আলিশা শাহরুখকে দেখে উল্লাসে ফেটে পড়ে।

মায়ের বন্ধু নয়, বরং শাহরুখের ভক্ত হিসেবেই আগ্রহ দেখায় আলিশা। শাহরুখ তার আদর্শ। আর তাঁকে এই প্রথম সামনে থেকে দেখল মেয়েটি। মুঠোফোনের ক্যামেরাও চালু হয়ে গেল। মেয়েদের নিয়ে শাহরুখের সঙ্গে ছবি তুললেন অন্য এক যাত্রীকে দিয়ে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘আলিশাকে ছবি তোলার জন্য একটু এগিয়ে দাঁড়াতেও বলতে পারছি না। শাহরুখ আঙ্কেলের সঙ্গে চুম্বকের মতো লেগে আছে ও। হাজার হোক ওদের প্রথম দেখা হলো তো!’
শাহরুখ–সুস্মিতা পর্দা ভাগাভাগি করেছিলেন আলোচিত ছবি ‘ম্যায় হুঁ না’তে। যেখানে সুস্মিতা ছিলেন শাহরুখের রসায়নের শিক্ষক। প্রেমে পড়েছিলেন ছাত্র শাহরুখ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস