শাহরুখ হলিউডে অচল!

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তের অভাব নেই। হোক অনলাইন বা অফলাইন, তাঁর ভক্ত-অনুসারী ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। অথচ এখনো হলিউডে ছবি করার সুযোগ পাননি এই অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করে খ্যাতি ও পরিচিতি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনেরা ইতিমধ্যে হলিউডে নাম লিখিয়ে এসেছেন। হলিউডে কাজ করেছেন বলিউডের অনেকেই। কেবল শাহরুখেরই সুযোগ মিলল না। তবে কি হলিউডের জন্য অচল এই নায়ক?
হলিউডের ছবিতে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি জানতে চাওয়া হয় শাহরুখের কাছে। ‘ইকোনমিক টাইমস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা তো আমার দিকে নজরই দিচ্ছে না। আমি তাদের দিকে চেয়ে থাকতে পারব না। প্রতিদিন চাঁদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু সেখানে পৌঁছাতে পারি না।’ তিনি বলেন, ‘ওম পুরি থেকে শুরু করে প্রিয়াঙ্কা পর্যন্ত হলিউডে কাজ করে ফেলেছে। ইরফান করেছে, নওয়াজুদ্দিন সিদ্দিকি বেশ কিছু ছবি পেয়েছে। অমিতাভ বচ্চন, অনুপম খেরও কাজ করেছেন হলিউডে। আর দেখুন, আমাকে কেউ প্রস্তাবই দিচ্ছে না।’
রসিকতা করে শাহরুখ খান বলেন, ‘ঠিক জানি না, হলিউডে কাজ করলে আমি কি খুব খারাপ করতাম? আমি মনে হয় ইংরেজিতে একটু দুর্বল।’
রসিক শাহরুখ আরও বলেন, ‘অন্যরা যা অর্জন করে ফেলেছে, সেটা থেকে আমি বঞ্চিত হব কেন? একদিন দেখবেন টম ক্রুজও এসে বলবে, আমাকে হিন্দি ছবিতে সুযোগ দাও। ক্রিস্টোফার নোল্যান বলবে, ভারতের একজন প্রযোজক তাঁকে ছবি করতে বলুক।’
শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ‘জিরো’ মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসে। এতে তাঁর নায়িকা হিসেবে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। ডেকান ক্রনিকল