শাহরুখই প্রথম!

এর আগে একবার টম ক্রুজ ও জনি ডেপের মতো বিত্তবান হলিউডের তারকাদের পেছনে ঠেলে বিশ্বের (হলিউড ও বলিউডের) সবচেয়ে ধনী তারকাদের তালিকায় দ্বিতীয় ধনী তারকা হিসেবে নাম লিখিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু সম্প্রতি প্রথম ভারতীয় অভিনয়শিল্পী ও তারকা হিসেবে ভারতের সবচেয়ে ধনীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন শাহরুখ খান।
ভারতীয় ধনীদের তালিকায় ব্যবসায়ীদের রমরমা থাকলেও কিং খান শাহরুখই প্রথম চলচ্চিত্র তারকা যিনি এ তালিকায় ঠাঁই করে নিলেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অনলাইন।
ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান এ বছরের আগস্ট মাসে ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তির একটি তালিকা করেছিল।
সেই প্রতিষ্ঠানটিরই তথ্য — শাহরুখের বিত্তের পরিমাণ ছয়শো ষাট মিলিয়ন মার্কিন ডলার বা তিন হাজার ছয়শো ষাট কোটি ভারতীয় রুপি।
এদিকে, শুধু ভারতের সেরা ধনীর তালিকায় প্রথম ভারতীয় অভিনেতা হিসেবেই নয়, ফোর্বস এর বিবেচনায় শাহরুখই প্রথম ভারতীয়, যাকে ফোর্বস লিখেছে— ‘টপ ইন্ডিয়ান লিডার ইন অ্যারাব ওয়ার্ল্ড’।
ওয়েলথ-এক্স জানিয়েছে, গত মে মাসে তারা হলিউড ও বলিউডের তারকাদের মধ্যে কে সেরা ধনী তার একটা তালিকা তৈরি করেছিল যেখানে জেরি শ্যেইনফিল্ড শীর্ষ ধনী হয়েছিলেন আটশো কুড়ি মিলিয়ন মার্কিন ডলার বিত্তের মালিক হিসেবে আর শাহরুখ খান তখন ছিলেন ছয়শো মিলিয়ন মার্কিন ডলার বিত্তের মালিক।