শাহরুখকে মিস করছেন আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান-আলিয়া ভাট
শাহরুখ খান-আলিয়া ভাট

গৌরী শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবির শুটিং করতে গিয়ে শাহরুখ খান ও আলিয়া ভাটের মধ্যে খুব ভালো বন্ধন তৈরি হয়ে গেছে। যদিও ছবির শুটিংয়ের জন্য খুব বেশি সময় পাননি তাঁরা। এরপর আবার ছবির প্রচারের জন্যও বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ডিয়ার জিন্দেগি’। কাল সিঙ্গাপুরে ছবির প্রচারে শাহরুখকে ছাড়াই আলিয়াকে যেতে হয়েছে। সেখানে গিয়ে নাকি শাহরুখকে ভীষণ মিস করেছেন তিনি।
এই ছবিতে শাহরুখ হয়েছেন আলিয়ার ‘থেরাপিস্ট’। আলিয়ার মধ্যে জীবনবোধ জাগানো ও ভালো থাকার নানা পরামর্শ দেওয়াই তাঁর কাজ। বাস্তবেও এই অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছেন আলিয়া। গতকালের অনুষ্ঠানে আলিয়া বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এই ছবিতে কাজ করতে গিয়ে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু কী শিখেছি তা আমি আর কাউকে জানাব না। আজকে তাঁকে ভীষণ মিস করছি।’
আলিয়া জানান, শুটিং শেষে তাঁরা সবাই ম্যাক্সিকান একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যেতেন। খাওয়ার সময় বলিউডের গান বাজাতেন তাঁরা। হিন্দি গান শুনতে শুনতে খাওয়া আর ক্ষণিকের আড্ডায় মেতে উঠত পুরা দল।
‘ডিয়ার জিন্দেগি’-তে আরও অভিনয় করেছেন কুনাল কাপুর, আলী জাফর, অঙ্গদ বেদি ও আদিত্য রায় কাপুর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।