শাহরুখকে হারালেন ফাওয়াদ!

সেরা অভিনেতা, ধনী তারকা কিংবা জনপ্রিয় নায়ক—এসব জরিপে বলিউডের ‘কিং খান’ শাহরুখের নাম খুব সহজেই উঠে আসতে পারে শীর্ষে; এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ‘দাড়ি-গোঁফে সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা’র তকমাটি তিনি হারিয়েছেন এরই মধ্যে। পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান হারিয়ে দিয়েছেন শাহরুখকে। ফাওয়াদ হয়েছেন ‘দাড়ি-গোঁফে সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা’।
নভেম্বর মাসজুড়ে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট একটি জরিপ চালায়। নভেম্বর মাসের ‘মুভেম্বর’ ক্যাম্পেইন সামনে রেখেই ওয়েবসাইটটি এই ব্যতিক্রমী জরিপ করে। জরিপে দেখা যায়, দাড়ি-গোঁফে সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা হিসেবে ৪০ শতাংশ ভোট যায় খুব সুরত ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অভিনেতা ফাওয়াদের কাছে। শাহরুখ ৩১ শতাংশ ভোট নিয়ে একধাপ পিছিয়ে থাকেন। তালিকার তৃতীয় অবস্থানে নাম আসে শহীদ কাপুরের। বোঝাই যাচ্ছে, শহীদের পরপর দুই ছবি হায়দার ও শানদার-এর কারণেই তাঁর এই তালিকায় ঠাঁই মিলেছে।
তবে এই তালিকার সবচেয়ে অনাকাঙ্ক্ষিত নামটি হলো সালমানের। সালমানকে তাঁর অধিকাংশ ছবিতেই দেখা যায় দাড়ি–গোঁফ ছাড়া। এমনকি শেষ প্রেম রতন ধন পায়ো ছবিতে সালমানকে সোনম বারবার বলেছেন, গোঁফ তাঁকে মানায় না! এরপরও ৯ শতাংশ ভোট নিয়ে তিনি আছেন তালিকার চতুর্থ অবস্থানে। আর পাঁচে অবস্থান করছেন অক্ষয় কুমার মাত্র ৩ শতাংশ ভোট নিয়ে। বলিউড লাইফ।