শাহরুখকে হুমকি, নিরাপত্তা জোরদার

সম্প্রতি ‘রাজা হিন্দুস্তানি’খ্যাত বলিউডের চলচ্চিত্র প্রযোজক আলী মোরানির জুহু বাংলো লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনার পর খবর বেরিয়েছে, ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানকেও হুমকি দেওয়া হয়েছে। শাহরুখকে হুমকি দেওয়ার বিষয়টিকে অস্বীকার করলেও, তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ।
এ প্রসঙ্গে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার সদানন্দ বলেন, ‘স্রেফ সতর্কতাবশত শাহরুখ খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁকে হুমকি দেওয়ার নির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে নেই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি অ্যাকটিভা স্কুটারে চেপে তিনজন অজ্ঞাতপরিচয় লোক আলী মোরানির বাড়ির কাছে যায়। স্কুটারে মাঝে বসে থাকা লোকটি পয়েন্ট ৩২ বোর রিভলবার বের করে আলীর বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। একটি বুলেট গাছে লাগে। আরেকটি বুলেট আলীর বাড়ির জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পরে আলীর মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হয়। সেখানে তাঁকে ভয়ংকর পরিণতি ভোগের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা নথিভুক্ত করে পুলিশ। পুলিশের ধারণা, রবি পূজারি গ্যাংয়ের সদস্যরা এ কাণ্ড ঘটিয়েছে। এর আগেও বলিউডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে হুমকি দেওয়ার ঘটনা ঘটিয়েছে পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি।
এদিকে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তিনজন মানুষ ও তাদের কর্মকাণ্ডের পুরোটাই ধরা পড়েছে। তাদের মুখে কোনো মুখোশ ছিল না। কিন্তু ঘটনাস্থল থেকে সিসিটিভির দূরত্ব অনেক বেশি হওয়ায় ফুটেজে তাদের চেহারা খুব বেশি স্পষ্ট নয়।