শাহরুখকে 'নকল' করতেন রণবীর!

দিব্যি শাহরুখ খানের ঘাড়েই দায়টা চাপিয়ে দিলেন রণবীর কাপুর। অবশ্য জ্যেষ্ঠ অভিনেতা বলে কথা। দায় শাহরুখকে কিছুটা তো নিতেই হবে। রণবীর কাপুর সম্প্রতি জানিয়েছেন, তিনি যখন হাইস্কুলের ছাত্র; সেসময় মেয়েদের পটাতে শাহরুখের পোশাক-আশাক, স্টাইল সব অনুকরণ করতেন তিনি।
এ প্রসঙ্গে রণবীর কাপুর বলেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি যখন মুক্তি পেল, তখন আমি ক্লাস এইটে পড়ি। সেসময় ‘শাহরুখ স্যার’ গলায় মোটা চেন, পোলো টি-শার্ট পরে ছবিতে অভিনয় করতেন। আমি তাঁর মতো গলায় চেইন আর পোলো টি-শার্ট পরা শুরু করেছিলাম। তিনি বলেন, এমনকি শাহরুখ স্যারের পোশাক, হাঁটা, কথা বলার ভঙ্গি নকল করা থেকে শুরু ছবির সংলাপ তাঁর মতো করেই বলতাম— ‘কুছ কুছ হোতা হ্যায়... তুম নেহি সমঝোগি।’ রণবীর জানান, অবাক করা বিষয় হলো, মেয়েদের পটাতে তিনি শাহরুখ খানকে নকল করে যা করতেন তাতে কাজও হতো!
শিগগিরই এই অভিনেতাকে দীপিকা পাডুকোণের বিপরীতে দেখা যাবে ‘তামাশা’ ছবিতে।
বলিউডে তাঁর ক্যারিয়ারের প্রথম ছবি ‘রকস্টার’-এর মাধ্যমে শ্রেষ্ঠ নবাগত তারকার সবকটি পুরস্কার পেয়ে রণবীর জানিয়ে দিয়েছিলেন—তিনি এসেছেন। এর বছর দুই-এক পরে ‘ওয়েক আপ সিড’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির জন্য পেয়েছিলেন ‘ফিল্মফেয়ার’ সমালোচক পুরস্কার।
অভিনেতা হিসেবে রণবীর কাপুর কতটা শক্তিশালী তা বুঝতে ‘রাজনীতি’, ‘রকস্টার’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, বরফি-এই চারটি ছবিই যথেষ্ট। এ মন্তব্য বলিউডের সমালোচকদের। মাঝে ‘বোম্বে ভেলভেট’ ছবিটি ফ্লপ হওয়ার কারণে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। এ অভিনেতা আশা করছেন তাঁর ‘তামাশা’ ছবিটির মাধ্যমে আবারও বলিউডে তাঁর আসনটি পাকাপোক্ত করবেন তিনি।
‘তামাশা’ ছবির নির্মাতা ইমতিয়াজ আলী এ ছবির চিত্রনাট্য ও ছবি পরিচালনার পাশাপাশি সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনাও করেছেন। ‘তামাশা’র পরিবেশক সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল। রণবীর দীপিকা অভিনীত এ ছবি মুক্তি পেতে যাচ্ছে এই নভেম্বরের ২৭ তারিখে। ইন্দো-এশিয়ান নিউজ। এনডিটিভি।