শাহরুখপুত্রের জামিন আবেদন শুনানি ২৬ অক্টোবর
শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন নামঞ্জুর করা হয়েছে গতকাল বুধবার। বিশেষ এনডিপিএস আদালত জামিন দেননি তাঁকে। এর কারণে তাঁর ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোডের জেল।
জামিন না পেয়ে আরিয়ান খানের আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। সেখানে আজ বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, উচ্চ আদালত জামিন আবেদন শুনানি পিছিয়েছে। শুনানি হবে ২৬ অক্টোবর।
সুতরাং ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে। ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাঁকে। তার পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।
এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে, আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তাঁরা মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন।