শাহরুখের আজ সেই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

‘ভালোবাসা, হাসি, আনন্দ, দুঃখ—সবকিছুই প্রকাশ করছি। আশা করছি, কিছুটা হলেও আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছি। সারা জীবন এভাবেই আপনাদের হৃদয় স্পর্শ করে যেতে চাই।’ গতকাল সোমবার বিকেলে টুইটারে লিখেছেন শাহরুখ খান।

২৬ জুন দিনটি শাহরুখ খানের জীবনে খুব গুরুত্বপূর্ণ। কেন? জানা গেছে, ১৯৯২ সালের এই দিনে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়। সেই থেকে শুরু। আজ তিনি বলিউডের ‘কিং খান’। ওই বছর ‘দিওয়ানা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান শাহরুখ। এরপর তাঁর ঝুলিতে জমা হয়েছে অসংখ্য পুরস্কার আর সম্মাননা। অভিনয় করেছেন অসংখ্য ছবিতে।

‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ খান ও দিব্যা ভারতী
‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ খান ও দিব্যা ভারতী

‘দিওয়ানা’ ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন দিব্যা ভারতীর সঙ্গে। ওই সময় দিব্যা ভারতী ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা। ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় মারা যান দিব্যা ভারতী। দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাঁকে হত্যা করা হয়, আবার কেউ বলেন সেটা ছিল দুর্ঘটনা। যাঁর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল, তাঁকে ভোলেননি শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দিব্যার সঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। মনে আছে, দিব্যা যখন মারা যান, আমি তখন দিল্লিতে ছিলাম। খবরটা শুনে সেদিন চমকে গিয়েছিলাম। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি।’

শাহরুখ খান যে আজকের অবস্থানে পৌঁছাতে পারবেন, তা নাকি বেশ বুঝতে পেরেছিলেন দিব্যা ভারতী। শাহরুখ খান বলেন, ‘সিনেমার ডাবিং নিয়ে আমি ব্যস্ত। “বাজিগর” ছবিতে অভিনয়ের জন্য রতন জৈন এসেছেন চুক্তিপত্রে সই করাতে। তখন দিব্যা পাশেই ছিলেন। দিব্যা এসে আমাকে বললেন, তোমার মধ্যে অভিনয়ের এক অনন্য প্রতিভা রয়েছে। সেদিন বুঝতে পারিনি দিব্যা কী বলতে চেয়েছেন। আজ বেশ বুঝতে পারছি, দিব্য সেদিন কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন।’

বড় পর্দায় শুরুটা ১৯৯২ সালে হলেও শাহরুখ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল ১৯৮০ সালে। তখন টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করেন শাহরুখ।