শাহরুখের ওপর চটেছেন হৃতিকের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাবিল’ ও ‘রইস’ মুক্তি পাচ্ছে একই দিনে
‘কাবিল’ ও ‘রইস’ মুক্তি পাচ্ছে একই দিনে

শাহরুখ খানের ওপর চটেছেন আরেক তারকা হৃতিক রোশনের বাবা বিশিষ্ট পরিচালক রাকেশ রোশন। তাঁর আশঙ্কা, কাছাকাছি সময়ে মুক্তি পাওয়ার কারণে ‘কাবিল’ ও ‘রইস’—কোনো ছবিই সুপারহিট হতে পারবে না। টপকাতে পারবে না ৩০০ কোটির ব্যবসা।
সূত্র বলছে, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবিল’ ও ‘রইস’। ‘রইস’-এর সঙ্গে একদিনে যাতে ‘কাবিল’ মুক্তি না পায়, সে জন্য ছবি মুক্তি একদিন এগিয়ে আনেন রাকেশ রোশন। ‘রইস’ নির্মাতারাও তাঁদের ছবি একদিন এগিয়ে এনেছেন।
‘কাবিল’-এর প্রযোজক রাকেশ রোশন অবশ্য এই সংঘর্ষের জন্য পুরোপুরি দোষী সাব্যস্ত করেছেন ‘রইস’-এর নায়ক শাহরুখ খানকে। ভারতীয় এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ দাবি করেছেন, ‘কাবিল’ ও ‘রইস’ যাতে একদিনে মুক্তি না পায়, সে জন্য দুবার শাহরুখের সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করেন তিনি। তাঁর যুক্তি ছিল, দুটি ছবিই যদি ৩০০ কোটি টাকা ব্যবসা চায়, তবে একদিনে মুক্তি পেলে লাভ ভাগাভাগি হয়ে যাবে, কোনোটিই সুপারহিটের তকমা পাবে না। তাই নিছক ব্যবসায়িক কথা ভেবেই ছবি মুক্তির দিন আলাদা করা প্রয়োজন।
অবশ্য রাকেশ রোশনের পরিকল্পনা ছিল ফেব্রুয়ারিতে ‘কাবিল’ প্রকাশ করতে। কিন্তু সে সময় আরও কয়েকটি ছবি মুক্তির কথা থাকায় জানুয়ারিতে ‘কাবিল’-এর মুক্তি এগিয়ে আনেন তিনি। কারণ ও মাসে আর কোনো ছবি মুক্তির কথা ছিল না। কিন্তু দেখা গেল, ‘রইস’ নির্মাতারাও তাঁদের ছবি মুক্তি জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিলেন, তা-ও বেছে বেছে ২৬ তারিখই, যেদিন ‘কাবিল’ মুক্তির দিন। 

নিজের স্বার্থে শাহরুখের সঙ্গে দেখা করে তাঁকে বোঝান তিনি। তাঁর যুক্তি ছিল, ভারতে এখন সুপারহিট ছবি মানে ৩০০ কোটি টাকা টপকানো। কিন্তু একই সঙ্গে দুটি বড় বাজেটের ছবি মুক্তি পেলে এই টাকাটা ভাগাভাগি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যার ফলে দুটিই ব্যবসা করবে মাঝারি মানের।

এখানেই শেষ নয়। শাহরুখকে বুঝিয়েছেন, হৃতিকে সঙ্গে তাঁর ঝগড়ার কোনো কারণ নেই। তাঁরা সমসাময়িক নন। তাঁদের ছবি ইতিমধ্যেই ৩০০ কোটি টপকে গেছে। ফলে একসঙ্গে ছবি মুক্তি না করে দিন পৃথক করা প্রয়োজন।

হৃতিকের বাবার কাছে এসব শুনেছেন, কিন্তু মানেননি শাহরুখ। ২৬ তারিখ ‘রইস’ ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়। ফলে আবারও শাহরুখের সঙ্গে দেখা করতে যান রাকেশ। এ ক্ষেত্রে বিব্রতকর অবস্থায়ও পড়েন তিনি। পাছে ‘রইস’ নির্মাতারা যদি ভাবেন ‘কাবিল’ ফ্লপ হবে—এমন আশঙ্কায় রাকেশ বারবার অনুরোধ করতে আসছেন। যদিও তাঁর ভাষ্য, দুই ছবির ব্যবসায়িক দিক চিন্তা করছেন তিনি।
শাহরুখের আচরণে ক্ষুব্ধ রাকেশ। বললেন, ‘রইস’ নির্মাতারা ফালতু কাজ করেছেন। তাঁর কথায়, কেউ যদি চোখ খুলে কুয়োয় ঝাঁপ দেন, তাহলে কে কী করবে।

প্রসঙ্গত, গত ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান অভিনীত আলোচিত ‘রইস’ ছবির। কিন্তু সালমানের ‘সুলতান’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি দিয়ে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে চাননি শাহরুখ। তাই শাহরুখ বেছে নেন ভারতের প্রজাতন্ত্র দিবসকে। শোনা গিয়েছিল, আগামী বছরের জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘রইস’। কিন্তু একই দিনে রাকেশ রোশন নির্মিত হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিটি মুক্তি পেতে যাওয়ায় আবারও জটিলতায় পড়ে গেছেন শাহরুখ। শাহরুখ খান অনেক চেষ্টা করেন ‘কাবিল’ ছবিটি যাতে শাহরুখের সিনেমার সঙ্গে মুক্তি না পায়। এ নিয়ে দফায় দফায় আলোচনাও করেন দুই নির্মাতা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস