শাহরুখের কারণেই 'জোস' ছবিটি করেননি আমির

নির্মাতা মনসুর খানের ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা দিয়েই আমির খানের বলিউড অভিষেক হয়। ২০০০ সালে ‘জোস’ নির্মাণের সময় মনসুর ভেবে রেখেছিলেন, আমির আর শাহরুখকেই নেবেন তাঁর এই সিনেমায়। ম্যাক্স চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ ঠিকই রাজি হন, কিন্তু রাহুল চরিত্রে অভিনয় করতে চাননি আমির। শাহরুখের কারণেই নাকি এই ছবিতে কাজ করতে রাজি হননি তিনি। কারণ, এই ছবিতে শাহরুখের চরিত্রটি ছিল বেশি শক্তিশালী।
‘জোস’ মুক্তির ১৬ বছর পরও এই পরিচালক মনে করেন, আমির আর শাহরুখই ছিল এই ছবির জন্য যথার্থ। কিন্তু আমিরকে না পেয়ে পরে বাধ্য হয়েই তাঁকে রাহুল চরিত্রে অভিনেতা চন্দ্রচুর সিংকে নিতে হয়েছিল। এখানে তিনি শাহরুখ খান বা ম্যাক্সের বোনের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন।
এ প্রসঙ্গে মনসুর খান বলেন, ‘সে সময় বলিউডের ছবিতে আমিরের একটি প্রেমিক পুরুষ ইমেজ দাঁড়িয়ে গিয়েছিল। তিনি নিজেও এর থেকে বের হয়ে আসতে চাইছিলেন। এ ছবিতে তাঁর কাজ না করার এটি একটি কারণ। আর অন্য কারণটি হলো এই ছবিতে শাহরুখের উপস্থিতি। শাহরুখের চরিত্রটি এই ছবিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই আমির একই ছবিতে কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে চাননি।’
এই পরিচালক আরও জানান, অভিনেত্রী কাজলকে যখন ম্যাক্সের বোনের চরিত্রটি করতে বলা হয়, তখন কাহিনি শুনে তিনিও নাকি ম্যাক্সের চরিত্রের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিলেন। পরে অবশ্য এই ছবির কোনো চরিত্রেই কাজ করেননি তিনি।
‘জোস’-এ অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, শারদ কাপুর ও চন্দ্রচুর সিং। এনডিটিভি।