শাহরুখের ছবি 'জব হ্যারি মেট সেজল'
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। শাহরুখের বহুল আলোচিত ছবির নাম দেওয়া হলো ‘জব হ্যারি মেট সেজল’। গতকাল বৃহস্পতিবার রাতে ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটির নাম ঘোষণা করা হয়।
শাহরুখ খান ও আনুশকা শর্মা অভিনীত ছবিটির শুধু নামই দেওয়া হলো না, ছবির প্রথম পোস্টারও প্রকাশিত হয় গতকাল রাতেই। এমনকি ‘জব হ্যারি মেট সেজল’ ছবির মুক্তির দিনও ঘোষণা করা হয়। চলতি বছরের ৪ আগস্ট কিং খানের ছবিটি মুক্তি দেওয়া হবে। প্রথমে ১১ আগস্ট ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ওই একই দিনই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত স্বচ্ছ ভারত অভিযানের ওপর নির্মিত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি। তাই সংঘাত এড়াতে ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটির মুক্তির তারিখ এগিয়ে নিয়ে আসা হয়।
‘রব নে বানা দে জোড়ি’ এবং ‘জব তক হ্যায় জান’-এর পর শাহরুখ এবং আনুশকাকে আবার জুটি বাঁধতে দেখা যাবে এই ছবিতে। শুরু থেকেই ছবিটির নামকরণ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। শুরুতে ইমতিয়াজের এই ছবিটিকে ‘দ্য রিং’ বলে উল্লেখ করা হয়। এরপর ‘রেহনুমান’, ‘রাউলা’ নামও সম্ভাব্যের তালিকায় ঘোরাফেরা করে। অবশেষে চূড়ান্ত হয়, ‘জব হ্যারি মেট সেজল’ নামটি। অভিষেক পরিহার নামের এক ব্যক্তি ইমতিয়াজ আলীর ছবিটির নতুন নামের ওপর রীতিমতো গবেষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রমাণস্বরূপ জানান, গত ৪ মার্চ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছবিটি ‘জব হ্যারি মেট সেজল’ নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিল। তাই এটি অবাক করার মতো ঘটনা নয়।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় শাহরুখের পোস্ট নিয়েও নানা প্রশ্ন উঠছে। এই ছবির নামকরণের সঙ্গে রণবীর কাপুরের নাম তিনি উল্লেখ করেছেন। তাই প্রশ্ন উঠছে কোথাও, ‘জব হ্যারি মেট সেজল’ নামটির পেছনে রণবীরের ভূমিকা নেই তো? তবে ইমতিয়াজ আলীর আগের ছবি শাহিদ কাপুর ও কারিনা কাপুর অভিনীত ‘জব উই মেট’-এর সঙ্গে শাহরুখের ছবির নামের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
‘জব হ্যারি মেট সেজল’ রোমান্টিক ছবিটির শুটিং আমস্টারডাম, লিসবন, প্রাগ ও বুদাপেস্টে হয়েছে।