শাহরুখের জনপ্রিয়তার কারণ জানাল আব্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও তাঁর ছেলে আব্রাম
শাহরুখ খান ও তাঁর ছেলে আব্রাম

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান তাঁর ছোট ছেলে আব্রামের সম্পর্কে কিছু মজার তথ্য জানিয়েছিলেন। আব্রাম ছোটবেলা থেকেই দেখে আসছে, বাবার জন্মদিন ও ঈদের দিনে তাঁদের বাড়ি ‘মান্নাত’-এর সামনে হাজারো মানুষ জড়ো হয়। শাহরুখ তাদের উদ্দেশে হাত নাড়েন। একটু বড় হওয়ার পর থেকে বাবার সঙ্গে আব্রামও চলে আসে বাড়ির ব্যালকনিতে। শাহরুখের ভক্তদের উদ্দেশে সে-ও ছোট হাতটি নাড়িয়ে অভিবাদন জানায়। এটা তার ভালো লাগে। প্রতিবছর শাহরুখের জন্মদিন এলেই আব্রাম অপেক্ষায় থাকে, কখন বাড়ির সামনে ভিড় জমবে। একটু পরপর বারান্দায় এসে দেখে যায় তার বাবাকে লোকেরা শুভেচ্ছা জানাতে এসেছে কি না। কিছুদিন আগে বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক ও বিনোদন সাংবাদিক রাজীব মাসান্দের অনুষ্ঠানে এসে শাহরুখ আব্রামের সম্পর্কে জানালেন আরও একটি মজার তথ্য।

শাহরুখের বড় ছেলে আরিয়ান নাকি ছোট ভাই আব্রামকে জিজ্ঞেস করেছিল, ‘বলো তো, আমাদের বাড়িতে কেন এত লোক বাবাকে দেখতে আসে?’ ভাইয়ের এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি ছোট্ট আব্রাম। তখন আরিয়ান তাঁকে আবার জিজ্ঞেস করে, ‘বলো তো আব্রাম, বাবা কী করেন?’ চার বছর বয়সী আব্রামের উত্তর, ‘শুটিং’। ‘বাবা কে জানো?’ ফের আরিয়ানের প্রশ্ন আব্রামের উদ্দেশে। আব্রামের চটজলদি উত্তর, ‘অভিনেতা।’ এরপর আরিয়ান তাকে জিজ্ঞেস করে, ‘তাহলে বলো তো, কেন সবাই বাবাকে দেখতে আসে?’ এই প্রশ্নের উত্তরটি ছিল সবচেয়ে মিষ্টি। আব্রাম বলে, ‘বাবা সুদর্শন তাই সবাই তাঁকে দেখতে চায়।’

আরিয়ান আসলে পরখ করে দেখতে চেয়েছিল, তাদের বাবা শাহরুখের তারকাখ্যাতির বিষয়টা আব্রাম বুঝতে শুরু করেছে কি না। শাহরুখের বড় দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানার যখন জন্ম হয়, তখনো শাহরুখ খান অনেক জনপ্রিয় তারকা। কিন্তু আব্রাম তাঁর বাবার যেই খ্যাতি ও জৌলুশ শুরু থেকেই দেখে অভ্যস্ত হচ্ছে, তা অন্য সন্তানদের ক্ষেত্রে এত জলদি ঘটেনি।
শাহরুখ আজ তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল স্টুডিওতে বেড়াতে গেছেন। ‘কিং খান’-এর টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য পাওয়া যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস