শাহরুখের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি

বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলখানায় যান শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিট। মাথার ওপর ঠা ঠা রোদ। তার তোয়াক্কা না করে দলে দলে মানুষ ভিড় করছেন শাহরুখের বাংলো মান্নাতের সামনে। মান্নাতের বিশালাকার প্রাচীরে শুধু একটু হাতের ছোঁয়া আর একটা ছবি, তাতেই তাঁরা খুশি। এটা মান্নাতের বাইরের রোজকার চিত্র। তবে এখন প্রিয় তারকা শাহরুখকে সমর্থন করতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন আফরিন, পূজা, দীপকসহ আরও অনেকে। এ মুহূর্তে তাঁদের একটাই প্রার্থনা—আরিয়ান জেল থেকে বের হয়ে আসুক।

গুজরাট থেকে আসা ৭০ বছরের এক প্রবীণ জানালেন মুম্বাইয়ের বিখ্যাত দরগাহ হাজি আলীতে আরিয়ানের নামে ‘মানত’ করেছেন তিনি। হরিয়ানার সোনিয়া বললেন, ‘এ মুহূর্তে শুধু একটাই প্রার্থনা করি, আরিয়ান যেন জেল থেকে ছাড়া পান।’ এমনকি ছয় বছরের একরত্তি আফিয়াও আরিয়ানের জন্য ‘দোয়া’ করছে বলে আদুরে গলায় জানাল।

প্রিয় তারকা শাহরুখকে সমর্থন করতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে
দেবারতি ভট্টাচার্য

শিরিডি থেকে ছুটে এসেছেন কিং খানের এক ভক্ত। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর রোজ সকাল থেকে রাত ‘মান্নাত’–এর সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। এমনই ভালোবাসা ভক্তদের থেকে সব সময় পেয়ে এসেছেন শাহরুখ। আজও সেই ভালোবাসা অটুট।

দলে দলে মানুষ ভিড় করছেন শাহরুখের বাংলো মান্নাতের সামনে
দেবারতি ভট্টাচার্য

বলিউডের একাধিক তারকা আরিয়ানের সমর্থনে আওয়াজ তুলেছেন। হংসল মেহেতা, প্রকাশ ঝা, সুনীল শেঠি, হৃতিক রোশন, স্বরা ভাস্কর, সুজান, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর, জাভেদ আখতারসহ আরও একাধিক বিটাউন তারকা কিং খানের পাশে দাঁড়িয়েছেন। সময়ে–অসময়ে বন্ধু সালমান খান মান্নাতে ছুটে গেছেন। করণ জোহর, চাঙ্কি পান্ডে, ফারহা খান শাহরুখের সঙ্গে একাধিকবার দেখা করে তাঁকে সাহস জুগিয়েছেন। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আরিয়ানের নাম উল্লেখ না করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি শাহরুখের পাশে আছেন।

ছেলে আরিয়ান মাদক-কাণ্ডে অভিযুক্ত হয়ে এখন মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দী। কিন্তু তাতেও শাহরুখের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অনেকের মতে, আরিয়ানকে শাহরুখপুত্র হওয়ার মাশুল দিতে হচ্ছে। নেট দুনিয়াজুড়ে ‘জাস্টিস ফর এসআরকে’ ‘জাস্টিস ফর আরিয়ান’ বলে সরব হয়েছেন নেট জনতা।

গত বুধবার আর পাঁচজনের মতো শাহরুখও আশায় বুক বেঁধেছিলেন যে ঘরের ছেলে ঘরে ফিরে আসবেন। সেশন কোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করবেন। কিন্তু না, আরিয়ানের আর মান্নাতে ফেরা হয়নি।

বৃহস্পতিবার সকালেই শাহরুখ ছুটে গিয়েছিলেন আর্থার রোড জেলে

অপেক্ষার বাঁধ ভেঙেছিল কিং খানের। তাই বৃহস্পতিবার সকালেই তিনি ছুটে গিয়েছিলেন আর্থার রোড জেলে। জানা গেছে, জেল কর্তৃপক্ষ শাহরুখের আধার কার্ডসহ সব নথিপত্র যাচাই করে তবেই আরিয়ানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল। তারকা হওয়া সত্ত্বেও কিং খানকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি বলে জানা গেছে। প্রায় ২০ মিনিটের এই সাক্ষাতের বেশ কিছুটা সময় তাঁরা একে অপরের দিকে অপলকে তাকিয়ে ছিলেন। ছেলেকে দেখে আবেগে শাহরুখের গলা বুজে এসেছিল। আরিয়ান বাবাকে বেশ কয়েকবার ‘আই অ্যাম সরি’ বলেছেন। জবাবে শাহরুখ বলেছিলেন, ‘আই ট্রাস্ট ইউ’। এর আগে ভিডিও কল করে শাহরুখ আর গৌরীর সঙ্গে কথা বলেছিলেন আরিয়ান। জানা গেছে, এই সময়ে আরিয়ান মা–বাবাকে দেখে কেঁদে ভাসিয়েছিলেন।

অনেকের মতে, আরিয়ানকে শাহরুখপুত্র হওয়ার মাশুল দিতে হচ্ছে
দেবারতি ভট্টাচার্য

একই দিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আধিকারিকেরা গিয়েছিলেন ‘মান্নাত’–এর অন্দরে। প্রথমে শোনা গিয়েছিল, আরিয়ানের ঘর তল্লাশি করতে এসেছিল এনসিবি। পরে জানা যায় যে আইনি কাগজপত্র–সংক্রান্ত বিষয়ে এখানে এসেছিল তারা।

এনসিবি আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের নাম উদ্ধার করেছে। গতকাল দুপুরে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার বাসায় সমন দিতে গিয়েছিল এনসিবি।

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান।
ইনস্টাগ্রাম

২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে এক প্রমোদতরি থেকে আরিয়ান খানকে আটক করে এনসিবি। দীর্ঘ জেরার পর শাহরুখপুত্রকে মাদক-কাণ্ডে অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করে তারা। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পায়নি এনসিবি। তবে জেরার মুখে অচিত কুমার নামের এক মাদক সরবরাহকারীর নাম নিয়েছিলেন আরিয়ান। আর আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এনসিবি কিছু প্রমাণ পেয়েছে। এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোর মাধ্যমে এনসিবি জানতে পেরেছে যে আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সংযোগ আছে। আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচাকেও গ্রেপ্তার করেছে এনসিবি। তাঁদের কাছ থেকে তারা মাদক উদ্ধার করেছে। এখন আরিয়ান, আরবাজসহ আরও সব অভিযুক্ত আর্থার রোড জেলে বন্দী। সেশন কোর্ট আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছেন। তাই আরিয়ানের আইনজীবীরা উচ্চ আদালতে তাঁর জামিনের আবেদন করেছেন। ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হবে।

বান্দ্রার বাড়ি মান্নাতে ভক্তদের সঙ্গে নিয়ম করে দেখা করেন শাহরুখ খান। আপাতত সেসব বন্ধ। ছবি: ইনস্টাগ্রাম