শাহরুখের জন্য ব্র্যাভোর গান ফ্লপ!

ক্রিকেট তারকা ডুয়াইন (ডি জে) ব্র্যাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ৬ কোটি ৬৭ লাখবার। তাই এবার শাহরুখ খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর দল ট্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) থিম সং তৈরির দায়িত্ব দেন ডুয়াইন ব্র্যাভোকে। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অলরাউন্ডার বন্ধু শাহরুখ খানের দলের জন্য একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘বোল দেম আউট’। এই গানের ভিডিওতে শাহরুখ খানকে নাচতে দেখা গেছে। কিন্তু এত কিছুর পরও ইউটিউবে গানটি তেমন দেখছে না কেউ। ১০ আগস্ট অবমুক্ত করার পর এ পর্যন্ত সব মিলিয়ে হাজার পাঁচেকবার দেখা হয়েছে গানটি।
সেদিকে খেয়াল নেই শাহরুখ খানের। বলিউডের এই কিং খান টুইটারে লিখেছেন, ‘গানটির মধ্য দিয়ে নাইট বাহিনী কেমন খেলে, তার বর্ণনা দিয়েছেন আমার বন্ধু ও ক্যাপ্টেন ডি জে ব্র্যাভো।’
আর ডুয়াইন ব্র্যাভো টুইটারে লিখেছেন, ‘বলিউডের সবচেয়ে জনপ্রিয় হিরো, যিনি টিকেআর দলের মালিক, তাঁর জন্য গানটি গেয়েছি।’ ‘বোল দেম আউট’ গানের কথা ব্র্যাভো নিজেই লিখেছেন। আর প্রযোজনা করেছেন জোজো উইজ।
‘বোল দেম আউট’ গানটি তৈরি করতে গিয়ে জোজো উইজ, ডেক্সটার থমাস, কালভিরবিরাডারের সহযোগিতা পেয়েছেন ডুয়াইন ব্র্যাভো। টুইটারে তাঁদের ধন্যবাদ জানান এই ক্রিকেট তারকা। গানটি তিনি উৎসর্গ করেছেন তাঁর ভক্তদের।
৮ আগস্ট শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ। চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যস্ত।