শাহরুখের জন্য 'গভীর ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও করন জোহর
শাহরুখ খান ও করন জোহর

‘সব সম্পর্কেই থাকে উত্থান-পতন। কিন্তু শাহরুখের সঙ্গে আমার গভীর ভালোবাসার সম্পর্ক। তাঁর জন্য শ্রদ্ধা-ভালোবাসার কোনো ভাষা আমার জানা নেই।’ সম্প্রতি করন জোহর ও পুনম সাক্সেনার যৌথভাবে লেখা করনের জীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-এর প্রকাশনা অনুষ্ঠানে কথাগুলো বলেছেন বলিউড পরিচালক করন জোহর। বইটির মোড়ক খোলেন শাহরুখ খান। ওপরের কথাগুলো বলে শাহরুখের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন করন।

বইটিতে শাহরুখের প্রতি ভালোবাসা ও তাঁর সঙ্গে কঠিন বন্ধুত্বের নানা প্রমাণ রয়েছে। অতীতে শাহরুখ খানও বন্ধু করনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। সেরকম এক ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। ১৯৯৮ সাল, করনের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির আগে আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন আসে। ছবিটি যেন নির্ধারিত দিনে মুক্তি দেওয়া না হয়। দিলে মারা পরবেন করন। ভয়ে জড়সড় করনকে সাহস দিয়েছিলেন শাহরুখ। ঘর থেকে টেনে বের করে তাঁকে বলেছিলেন, ‘এই আমি দাঁড়ালাম তোমার সামনে। দেখি কে তোমাকে গুলি করে।’ যতটা ভীত ছিলেন করন, তার থেকেও বেশি তাঁর মা। করনের মাকে শাহরুখ বলেছিলেন, ‘আমি একজন পাঠান, আমার কিছু হবে না। আপনার ছেলেরও কিচ্ছু হবে না। আপনার ছেলে আমার ভাই।’ পরে নির্ধারিত দিনেই মুক্তি পায় ছবিটি। তবে পুলিশের পরামর্শে আগেই সপরিবারে লন্ডনে অবস্থান নেন করন।
শাহরুখের এমন সহযোগিতা পেয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন করন। মুখে বলে বা কাগজে লিখে শাহরুখকে সেসবের প্রতিদান দেওয়া যাবে না। তবে ছড়িয়ে দেওয়ার জন্য লেখা হলো বইয়ের পাতায়। প্রকাশনা অনুষ্ঠানে করন বলেছেন, ‘যদিও আমাদের পারিবারিক বন্ধনটি দুই দশকের। কিন্তু সম্পর্কটি চিরদিনের।’ করন এও বলেছেন, বন্ধু হতেই তাঁরা জন্মেছেন।
সম্প্রতি কাজলের সঙ্গে বন্ধুত্বের ইতি ঘটেছে করনের। ফলে ওই অনুষ্ঠানে কাজলকে নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। একই দিনে কাজলের স্বামী অজয়ের ছবি ‘শিভায়’ এবং করনের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি নিয়েই তাঁদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস