শাহরুখের জীবনজুড়েই 'নারী'

একজন খানকে ‘কিং খান’ হয়ে উঠতে কত কাঠখড়ই না পোড়াতে হয়। বলিউডের কিং খান শাহরুখের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। তাঁর প্রভাবশালী ও বিশ্ববাসীর প্রিয় নায়ক হয়ে ওঠার পেছনে রয়েছেন বহু নারী। নিজের জীবনে তাঁদের ভূমিকাকে বড় করেই তুলে ধরলেন এই অভিনেতা।
সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা উৎসবের শাহরুখ খান বলেন, ‘আমার পুরো জীবনটাই গড়েছেন নারীরা।’ তিনি জানান, নিজের দাদিমা তাঁকে প্রথম প্রভাবিত করেন। এখন অনুপ্রেরণা পান নিজের মেয়ের জীবন থেকে। এ ছাড়া তাঁর জীবনে প্রভাব রয়েছে স্ত্রীর, খালা, যেখানে বড় হয়েছেন, সেখানকার দিদিদের ও সেই সব নারী নির্মাতার, যাঁদের সঙ্গে তিনি কাজ করেছেন।
গতকাল সন্ধ্যায় গুঞ্জন জৈনের প্রথম বই ‘সি ওয়াকস, সি লিডস’–এর প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা। বিভিন্ন পেশার ২৪ জন নারীকে নিয়ে লেখা সেই বই। তাঁদের মধ্যে আছেন নিতা আম্বানি, চন্দা কোচার ও স্বাতি পিরামল। প্রকাশনা অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘আজ আমার এই অবস্থানের শতভাগই তাঁদের অবদান। এই নারীদের ছাড়া আমি অর্ধেক মানুষও হতে পারতাম না। আমার এই জীবনের জন্য আমি তাঁদের কাছে ঋণী।’ তিনি জানান, জীবনে প্রভাব বিস্তারকারী নারীদের নিয়ে একটি বই লেখার ইচ্ছে আছে তাঁর। অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তি করেন শাহরুখ। মিডডে।