শাহরুখের পক্ষপাত

ছোট ছেলে আবরামের প্রতিই বলিউডের ‘কিং খান’ শাহরুখের পক্ষপাত। ছোট ছেলেকেই বেশি ভালোবাসেন বাবা— এমন অভিমান শাহরুখ খানের ছেলে আরিয়ান আর মেয়ে সুহানার। কিন্তু শাহরুখ খান এ প্রসঙ্গে কী বলেন?
সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক তো শুধু রক্তের নয়, আত্মারও। বলিউডের তারকা শাহরুখ খানের সঙ্গেও তাঁর তিন সন্তানের সম্পর্ক যে তেমনই; এতে কোনো সন্দেহ নেই। ‘দিলওয়ালে’ ছবির প্রচারে বলিউডের বাদশাহর রাতে ঘণ্টা পাঁচেক ঘুম হয়-কি হয় না, কিন্তু সন্তানদের জন্য তাঁর সময়ের কোনো কমতি নেই।
সব সন্তানই যে তাঁর সমান প্রিয়, খোদ শাহরুখই তা জানিয়েছেন। তবুও, বড় দুই সন্তান সুহানা আর আরিয়ান মনে করে, বাবা তাদের ছোট ভাই আবরামকেই যেন একটু বেশি ভালোবাসেন। মনে মনে হয়তো এ জন্য বাবার প্রতি তাদের অভিমান রয়েছে!
অবশ্য শাহরুখ খান সম্প্রতি তাঁর এই দুই সন্তানকে বাবাসুলভ জবাবই দিয়েছেন। শাহরুখ জানিয়েছেন, আবরামকে তিনি যতটুকু ভালোবাসেন, ততটুকুই ভালোবাসেন আরিয়ান ও সুহানাকে। উল্টো শাহরুখ বড় দুই সন্তানের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন, তোমরা কীভাবে জানলে যে, তোমাদের সঙ্গে আমি এমন মিষ্টি ব্যবহার করিনি?
শাহরুখ যে আবরামের সঙ্গে বেশি সময় কাটান সে কথা অবশ্য সত্যি। এর কারণও জানিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, অন্য দুই সন্তান একটু লাজুক, আবরাম সে তুলনায় আমার সঙ্গে বাইরে বেশি আসে। আরিয়ানের গাড়ি-ভীতি আছে। আর ভক্তরা যদি শাহরুখের গাড়ি ঘিরে দাঁড়ায় তখন সুহানা নাকি কেঁদেকেটে একাকার হয়!’ শাহরুখ বলেন, ‘আবরাম সে তুলনায় সাহসী, সে বন্ধুসুলভ।’
শাহরুখ এও জানান, ‘হয়তো বড় হলে, যখন সে আরও বুঝতে শিখবে তখনো হয়তো আমার সঙ্গে বের হতে কিছুটা দ্বিধা করবে আবরাম।’ টাইমস অব ইন্ডিয়া।