শাহরুখের পর এবার অনন্যা পান্ডের বাড়িতেও তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্যা পাণ্ডে
ইনস্টাগ্রাম

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) আগেই ইঙ্গিত দিয়েছিল, মাদকসংক্রান্ত বিষয়ে এক উঠতি নায়িকার সঙ্গে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের কথাবার্তা হয়েছে। আর এর মধ্যেই এনসিবির কর্মকর্তারা আজ অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি চালাল। অনেকেই এ দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছেন। তাঁরা বলছেন, অনন্যা পান্ডেই সেই উঠতি নায়িকা। মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করতে তাঁকে এনসিবির দপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে।

মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই বারবার আরিয়ানের জামিন আবেদন নামঞ্জুর করছেন বিশেষ আদালত। তদন্তের জন্য আরও সময় চায় এনসিবি। এরই মধ্যে আজ তল্লাশি চালানো হলো শাহরুখ খানের বাড়িতে। এবার মাদককাণ্ডে জড়িয়ে গেল আরও এক তারকাসন্তানের নাম—চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

অনন্যা পাণ্ডে
ইনস্টাগ্রাম

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় অনন্যার। এরপর হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। উঠতি নায়িকা হিসেবে পরিচিত বলিউডে। তারকাসন্তান হিসেবে অনন্যা ও আরিয়ানদের একসঙ্গে দেখা গেছে।
গত বুধবার এনসিবি দাবি করেছিল, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে কথাবার্তার প্রমাণ মিলেছে। তাই আজ অনন্যার বাড়িতে তল্লাশি নিয়ে অনেকেই যোগসূত্র খুঁজে পেয়েছেন। এখন দেখার পালা, কোন দিকে গড়ায় এ মামলা।

অনন্যা পান্ডে
ইনস্টাগ্রাম

২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ান খানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার হন শাহরুখপুত্র। বিশেষ আদালত গতকাল জামিন না দিলে আরিয়ানের আইনজীবী উচ্চ আদালতে জামিন আবেদন শুনানির আরজি করেন। আজ শুনানির কথা থাকলেও উচ্চ আদালতের তালিকায় দেখা গেছে, আরিয়ানের জামিন আবেদন শুনানি ২৬ অক্টোবর। শাহরুখপুত্র এখন আর্থার রোডের জেলে আছেন।