শাহরুখের পেছনে সালমান

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা অভিনেতা সালমান ও শাহরুখ খান। তুমুল জনপ্রিয় এ দুই তারকারই রয়েছে অগণিত ভক্ত। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁদের ভক্তের প্রকৃত সংখ্যা কত তা বের করা কষ্টসাধ্যই বটে। তবে টুইটার অনুসারীর সংখ্যার বিচারে সালমানকে টপকে গেছেন শাহরুখ। বর্তমানে কিং খানের টুইটার অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন। আর ৯ দশমিক ১৯ মিলিয়ন অনুসারী নিয়ে শাহরুখের পেছনে রয়েছেন ‘দাবাং’ তারকা সালমান।
টুইটার অনুসারীর সংখ্যার বিচারে সালমান ও শাহরুখের চেয়ে এগিয়ে আছেন ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চন। টুইটারে অমিতাভের অনুসারীর সংখ্যা ১১ মিলিয়ন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
টুইটারে শাহরুখের কাছে হেরে গেলেও জনপ্রিয়তার বিচারে ফেসবুকে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে আছেন সালমান। তিনি দুই মাস আগেই ফেসবুকে ২০ মিলিয়ন লাইক পাওয়ার মাইলফলক অতিক্রম করেছেন।