শাহরুখের বদলে রণবীর সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও রণবীর সিং
শাহরুখ খান ও রণবীর সিং

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রেমেরই হবে, আর নতুন কী! তবে এ ছবিটি বানাচ্ছেন আদিত্য চোপড়া— এটা হলো নতুন। অবশ্য এর চেয়েও চমকপ্রদ খবর হলো— এ ছবির মূল চরিত্রে থাকছেন না শাহরুখ খান। পরিচালক আদিত্য তাঁর চতুর্থ ছবি ‘বেফিকির’-এর জন্য বেছে নিয়েছেন রণবীর সিংকে। পরপর তিনটি ছবিতেই শাহরুখকে নায়ক হিসেবে দেখা যাওয়ার পর আদিত্য এবার স্থির হয়েছেন রণবীরে গিয়ে।

সাত বছর পর চলচ্চিত্র পরিচালনা করছেন আদিত্য চোপড়া। চারিদিকে রণবীর সিংকে নায়ক হিসেবে চূড়ান্ত করার গুঞ্জন ছড়ালেও, যশরাজ ছবির ভক্তরা এ খবরে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না।

প্রয়াত যশ চোপড়ার ৮৩ তম জন্মদিনে তাঁর ছেলে আদিত্য চোপড়া শিগগিরই তাঁর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন। আর সব কৌতূহলের অবসান ঘটিয়ে সেই ঘোষণাও দেন তিনি। যশরাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্টে প্রথমে একটি ছবি ও পরে একটি ভিডিও প্রকাশের মধ্য দিয়ে ‘বেফিকির’ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটানো হয়।

‘বেফিকির’ ছবির নায়িকার ভূমিকায় পরিনীতি চোপড়া অথবা বাণী কাপুরের নাম শোনা যাচ্ছে।

এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘মোহাব্বাতে’ এবং সর্বশেষ ‘রব নে বানাদি জোড়ি’ বানিয়েছেন আদিত্য। সবকটি ছবিতেই নায়কের ভূমিকায় দেখা গেছে ‘কিং খান’ শাহরুখকে। তবে এবার কেন এই ব্যতিক্রম হলো? প্রেমের ছবিতে বলিউড বাদশার রাজত্ব কী তবে এবার ফুরিয়ে আসছে? যে কারণে আদিত্য তাঁর পরবর্তী প্রেমের ছবির জন্য বেছে নিয়েছেন তরুণ রণবীর সিংকে! এই বিষয়ে স্পষ্ট কিছু অবশ্য এখনো জানা যায়নি।


প্রসঙ্গত, যশ চোপড়া পরিচালিত সর্বশেষ ছবি ‘যব তক হ্যায় জান’ ছবিরও মূল অভিনেতা ছিলেন শাখরুখ খান। টুইটার। টাইমস অব ইন্ডিয়া।