শাহরুখের বিপদে পাশে দাঁড়ালেন শাবানা আজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখের বিপদে পাশে দাঁড়ালেন শাবানা আজমি
শাহরুখের বিপদে পাশে দাঁড়ালেন শাবানা আজমি

সম্প্রতি ভারতের চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করায় বিজেপির কয়েকজন নেতার বিরূপ মন্তব্য ও তোপের মুখে পড়েন শাহরুখ। শাহরুখের পক্ষে এত দিন কেউ কথা না বললেও এবারে এই অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী শাবানা আজমি।

শাহরুখ প্রসঙ্গে শাবানা আজমি বলেন, শাহরুখ কালেভদ্রে কখনো কোনো কথা বলেন। তিনি এর জন্য কোনো আইনও ভাঙেননি; কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডও করেননি। কিন্তু শাহরুখ খান মনের কথা প্রকাশ করেছেন শুধু এ কারণেই তাঁর নিরাপত্তার প্রয়োজনে বাড়ির সামনে সরকারের পুলিশ প্রহরার ব্যবস্থা করা উচিত।

শাবানা আজমি বলেন, ‘শাহরুখের সাহসিকতার আমি প্রশংসা করি।’ তিনি বলেন, ‘শিবসেনারা যখন আমাকে ‘বিশ্বাসঘাতক’, ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে নানা কথা ও মন্তব্য করেছিল। সেসময় আমার পাশে কেউই ছিল না। একমাত্র শাহরুখ খানই তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে শাবানা আজমিকেও শাহরুখ খানের মতো এমনই এক সংকটে পড়তে হয়েছিল। সেসময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। ভারতের শিবসেনা দলটি শাবানা আজমিকে সেসময় ‘ভারতবিদ্বেষী’, ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছিল। পাশাপাশি তাঁরা শাবানাকে পাকিস্তানি বংশোদ্ভূত বলেও মন্তব্য করেছিল। সেসময় বলিউডের ‘কিং খান’ শাবানার পক্ষ নিয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন।


এদিকে, বিজেপি দলের কেউ কেউ শাহরুখের পক্ষে বক্তব্য দিলেও শাহরুখ খানকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিজেপিরই আরেকজন নেতা ও সাংসদ আদিত্যনাথ কিছুদিন আগে শাহরুখ খানকে সন্ত্রাসী হাফিজ সাঈদের সঙ্গে তুলনা করে জানিয়েছেন, তাঁদের (শাহরুখ খান) চলে যাওয়া উচিত। তিনি বলেছেন, তাঁরা চলে গেলে (পাকিস্তানে) আমরা স্বাগতই জানাব। বিজেপির এই নেতা আরও বলেন, শাহরুখ খান এবং কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদের ভাষার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।