শাহরুখের ভক্ত মালালা

মাত্র ১৭ বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছিল পাকিস্তানের মালালা ইউসুফজাই। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পুরস্কার পায়নি। সম্প্রতি বলিউডের অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে দেখা হয়েছিল মালালার। এক টুইটে জ্যাকি জানিয়েছেন, নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলিউডের তারকা শাহরুখ খানের একজন ভক্ত।
মালালা শুধু শাহরুখেরই ভক্ত নন, ‘ইয়াঙ্গিস্তান’ অভিনেতা জ্যাকি তাঁর টুইট বার্তায় আরও জানিয়েছেন, বলিউডের ছবিও খুব পছন্দ করেন সাহস আর প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে মালালা।
কট্টরপন্থী তালেবানদের হুমকি উপেক্ষা করে নারীশিক্ষা নিয়ে কাজ করার জন্য ২০১২ সালের অক্টোবর মাসে মালালার মাথায় গুলি করেছিল জঙ্গিরা। প্রথম আলোচনায় এসেছিলেন ২০০৯ সালে; তাঁর লেখা ডায়েরি বিবিসির উর্দু বিভাগে প্রকাশিত হওয়ার পরে। কট্টরপন্থী তালেবানদের অধীনে উত্তর-পশ্চিম পাকিস্তানের নির্যাতিত নারীদের বাস্তব এক ছবি ফুটে উঠেছিল মালালার লেখায়। এর পর থেকেই তালেবানদের লক্ষ্য ছিলেন তিনি। ২০১২ সালের অক্টোবর মাসে স্কুলবাসে থাকা মালালার ওপর জঙ্গিরা গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন সংকটে পড়েছিলেন মালালা। পরে উন্নত চিকিৎসার জন্য মালালাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে যুক্তরাজ্যেরই একটি স্কুলে লেখাপড়া শুরু করেছিলেন মালালা। এই নির্মম ঘটনার পর থেকেই সারা পৃথিবীর দৃষ্টি পড়ে মালালার প্রতি।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে মালালার আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’। বক্তৃতা করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে। নোবেল পুরস্কারসহ বিশ্বের বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কারও পেয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখারভ মানবাধিকার পুরস্কার। বিখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পেয়েছিলেন মালালা।
মিরর। টাইমস অব ইন্ডিয়া।