শাহরুখের যে কাজটি আলিয়ার অপছন্দ

আসন্ন ছবি ‘ডিয়ার জিন্দেগি’-তে শাহরুখ খান হয়েছেন আলিয়া ভাটের থেরাপিস্ট। সিনেমায় তাঁদের চরিত্রের রসায়ন খুব ভালো দেখানো হয়েছে। বাস্তবেও কিন্তু তেমনটাই। আর এটি আরও স্পষ্ট হয়েছে, নির্মাতা করণ জোহরের সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’–এ অতিথি হিসেবে এই দুই তারকা হাজির হওয়ার পর। আলিয়ার কাছে সম্প্রতি এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, কিং খানের কোন দিকটি তাঁর অপছন্দ? উত্তরে আলিয়া যা জানিয়েছেন তাতে বোঝা যায় সহ-শিল্পী হিসেবে এই নায়িকা কতটা যত্নশীল।
শাহরুখের কাজ পাগল স্বভাবের কথা কে না জানে? ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শুটিংয়ের সময় নাকি এই তারকা কাজে এতটাই মশগুল থাকতেন, যে প্রায়ই খাওয়ার কথা ভুলে যেতেন। বেশির ভাগ সময় কফি খেয়েই সারাদিন কাটিয়ে দিতেন শাহরুখ। একদিন আলিয়া তাঁর সঙ্গে একটি শট দিতে গিয়ে টের পান শাহরুখের পেটের ভেতর থেকে গুরগুর আওয়াজ আসছে। অনেকক্ষণ খালি পেটে থাকার জন্যই এমন হচ্ছিল। যে সময় শাহরুখের কথা চিন্তা করে নাকি খুব কষ্ট হয় আলিয়ার।
আলিয়া বলেন, ‘শাহরুখের খাওয়া দাওয়ার অনিয়ম আমার একেবারেই ভালো লাগে না। এছাড়া তাঁর অন্যসব দিক খুব ভালো। শুটিংয়ের ফাঁকে আমরা দুজন পৃথিবীর যাবতীয় বিষয়ে আলাপ করতাম। আমাদের চিন্তা-ভাবনা ও ব্যবহারেও অনেক মিল। শুধু দুজনের প্রকাশভঙ্গি আলাদা।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।