শাহরুখের শুটিং পণ্ড করতে সড়ক অবরোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

সম্প্রতি গুজরাটে শাহরুখ খানের নতুন ছবির শুটিং পণ্ড করার জন্য সড়ক অবরোধ, মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ র‍্যালির পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা নানা ধরনের অবরোধ সৃষ্টি করেছিল। অবশ্য গুজরাটের পুলিশ এই ঝামেলা পাকানোর কারণে দলটির ৩৪ জন কর্মীকে আটক করে।

এ প্রসঙ্গে গুজরাট পুলিশের বক্তব্য হচ্ছে, গুজরাট পুলিশ অ্যাক্টের ৬৮ ধারায় বিশ্ব হিন্দু পরিষদের ৩৪ জন কর্মীকে আটক করা হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মীরা মূলত ‘ভারতের ধর্মীয় অসহিষ্ণুতা’ নিয়ে শাহরুখ খানের মন্তব্যের প্রতিবাদ হিসেবে শাহরুখ খানের ‘রাইস’ ছবিটির শুটিং পণ্ড করতে চেয়েছিল।

যা-হোক, ছাড়া পাওয়ার পর দলটির কর্মীরা আবারও সড়কে অবরোধ তৈরি করার চেষ্টা করে। শাহরুখের ছবির শুটিং যেখানে চলছিল, সেই কুচ জেলার পোলারিয়ার সঙ্গে ভুজ শহরের সংযোগ সড়কটি অবরোধের জন্য জড়ো হয়েছিল তারা।

যদিও পোলারিয়ায় শাহরুখ খানের নতুন ছবির শুটিং বেশ নির্বিঘ্নেই চলেছে। ভুজ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে শুটিং করছিলেন শাহরুখ খান।

ছবির শুটিংয়ের কাজে এই শহরে প্রায় সপ্তাহ খানেক আগে এসেছেন কিং খান। আর গুজরাটে পা রাখার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা নানাভাবে শাহরুখ খানকে ঠেকানো ও তাঁকে এখানে শুটিং করতে না দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটির কর্মীরা ভুজের ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের সামনেও প্রতিবাদ সমাবেশ করে।


শাহরুখ খানের নতুন ছবি ‘রাইস’-এর নির্মাতা রাহুল ঢোলাকিয়া। এ ছবির কাহিনি আহমেদাবাদের মাফিয়া ডন প্রয়াত আবদুল লতিফ শেখের জীবনী নিয়ে। ইন্দো-এশিয়ান নিউজ।