শাহরুখের সঙ্গে নেচে বিপদে!

শাহরুখ খানের সঙ্গে রোমান্স! রোমান্টিক গানের সঙ্গে নাচ! পরম ভালোবাসায় আশ্রয় নেওয়া শাহরুখের কোলে! শম্পা হালদারের যেন মনে হচ্ছিল, সবকিছুই ঘটছে স্বপ্নের মধ্যে। কিন্তু সেই ঘোর কাটতে না কাটতেই বিতর্ক। একজন পুলিশ হয়ে, পুলিশের পোশাক পরে শাহরুখের সঙ্গে এভাবে নাচা শম্পার ঠিক হয়েছে কি না, এ নিয়ে উঠে গেছে বিতর্ক।
কলকাতা পুলিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শাহরুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানের একটি অংশে শাহরুখ স্বভাবমতো দর্শকসারি থেকে একজন নারী পুলিশকে ডেকে নেন। সেই সৌভাগ্যবতী ছিলেন শম্পা। যাব তক হ্যায় জান ছবির গানে শাহরুখের সঙ্গে নাচেন। এ নিয়েই উঠেছে বিতর্ক। সাবেক পুলিশকর্তা বলছেন, এভাবে পুলিশের পোশাককে অপমান করা হয়েছে, পুলিশের পোশাকে নাচার অনুমতি নেই। পুরুষ পুলিশকর্মীরা এরপর থেকে ‘চুলবুল পাণ্ডের’ মতো নাচতে শুরু করে কি না, এ নিয়ে নাকি তাঁরা আছেন শঙ্কায়! টিএনএন।