শাহরুখের সালমান ভাই!

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ ও সালমান খান তাঁদের আলোচিত ‘দ্বন্দ্ব’ নিয়ে প্রায়শই গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। কিন্তু তাঁদের দুজনের শীতল সম্পর্ক ইদানীং উষ্ণ হতে শুরু করেছে।
সালমান প্রসঙ্গে সম্প্রতি শাহরুখ খান বলেন, ‘অনেকেই বিনীত আর অমায়িক আর সালমান ভাইও তাই। তাঁর বিগ বস অনুষ্ঠানে আসার চেষ্টা করব। সুযোগ আর সময় থাকলে অবশ্যই সেখানে যাব। আর যদি যেতে না পারি, তবে বিষয়টিকে আপনারা অন্যভাবে দেখবেন না।’
এবারের সালমান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বসে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ নামের নতুন ছবির প্রচার করবেন বলে সালমান তাঁর ইচ্ছা প্রকাশের পর শাহরুখও জানিয়ে দিলেন, তিনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করার সর্বোচ্চ সুবিধাটাই নেবেন।
সালমান খানের উক্তি প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘প্রোডাকশনের একটি অংশ হচ্ছে মার্কেটিং। আমাদের যেখানে যা করতে বলা হয়, আমরা সেটা করব। আমাদের যেখান থেকে আমন্ত্রণ জানানো হবে, সেখানে যেতে পারলেই আমরা খুশি হব।’
শাহরুখ আরও বলেন, ‘আমি মনে করি বিগবস আমাদের ছবি সম্পর্কে কথা বলেছেন, এটা তাঁর একটা উদারতা। এটা সবার কাছে ভালো লাগবে।’