শাহরুখের সেলফিতে তোলপাড়

‘প্লিজ, যেয়ো না!’ ভক্তদের আকুতিতে মন গলেনি। শেষ পর্যন্ত ওয়ান ডিরেকশন ব্যান্ড ছেড়ে বেরিয়ে এসেছেন জেইন মালিক। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ সংগীত তারকা তখন থেকেই খবরে। সেই মালিকের সঙ্গে সেলফি তুলেছেন শাহরুখ খান। এমনিতেই ২২ বছর বয়সী এই তরুণকে নিয়ে উন্মাদনা চলছে। এর সঙ্গে শাহরুখ। ব্যস্, সঙ্গে সঙ্গেই ভার্চুয়াল জগতে ঝড়। এরই মধ্যে ভারতে সবচেয়ে বেশিবার রিটুইট হওয়া ছবির রেকর্ড গড়েছে এই সেলফি।
গত শুক্রবার পঞ্চম এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুজনের দেখা। শাহরুখ তখন সেলফিটা তুলে টুইট করেন, ‘এই ছেলেটা অসাধারণ। আল্লাহ ওর সহায় হোন। নৈশভোজের সময় তোলা।’ গতকাল পর্যন্ত এই ছবি ১ লাখের বেশিবার রিটুইট হয়েছে। ১ লাখ ৬০ হাজার জন টুইটারে পছন্দ করেছে।
রিটুইটের বিশ্বরেকর্ডটি গত বছর অস্কারের সময় এলেন ডিজেনারের তোলা সেলফির। সেলফিটি ৩৩ লাখ ৫৩ হাজারবার রিটুইট আর ২০ লাখের বেশি মানুষ ‘ফেবারিট’ করে। আইএএনএস।