শাহরুখের 'দিলওয়ালে' দেখবেন না জুহি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও জুহি চাওলা
শাহরুখ খান ও জুহি চাওলা

ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত বহুবারই জুটি হয়ে বড়পর্দায় এসেছেন বলিউডের তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও জুহি চাওলা। এই দুজন পরস্পরের খুব ভালো বন্ধুও বটে। ‘ইয়েস বস’, ‘ডর’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’ এবং ‘পহেলি’-এর মতো ব্যবসাসফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। কিন্তু সম্প্রতি জুহি চাওলা জানিয়েছেন, শাহরুখের সর্বশেষ মুক্তি পাওয়া দুর্দান্ত ব্যবসাসফল ছবি ‘দিলওয়ালে’ দেখবেন না তিনি।
বিষয়টি হয়তো শাহরুখকেও বিস্মিত করবে। অবাক হওয়ার মতো ঘটনাই বটে। কাজলের সঙ্গে ‘কিং খান’ শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’ ছবিটি জুহি কেন দেখবেন না, কিংবা তাঁর এই অনীহার কারণ বের করাও আদতে বেশ কঠিন কাজ।

যা হোক, জুহি তাঁর কাছের বন্ধু শাহরুখের এই ছবিটি সম্পর্কে বলেছেন, ‘আমি ছবিটি সম্পর্কে যথেষ্ট প্রশংসা শুনিনি, তাই ভেবেছি এই ছবিটি দেখব না।’ তিনি বলেন, ‘এটা কোনো ব্যাপার না। তা ছাড়া আমি ছবিটি দেখি আর না দেখি, তাতে বিশেষ কিছু আসবে যাবে না।’
জুহি অবশ্য জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে আবারও কোনো ছবিতে কাজ করার সুযোগ হলে তিনি অবশ্যই কাজ করবেন। কোনো পরিচালক যদি পছন্দসই স্ক্রিপ্টে তাঁকে আর শাহরুখকে আবারও জুটি করেন, সেটা তাঁর জন্য বেশ আনন্দেরই হবে।
জুহি এও বলেন, ‘শাহরুখ খান এবং আমির খান আমার প্রিয় সহ অভিনেতা। ওঁদের সঙ্গে অভিনয় করেই আমি আমার ক্যারিয়ার গড়েছি। তিনি বলেন, আমি আমির খানের সঙ্গে আরও কাজ করতে চাই।’
নব্বই দশকের জনপ্রিয় এই বলিউডের অভিনেত্রী শাহরুখ খান ও আমির, এই দুই খানের কথাই উল্লেখ করেছেন। সালমান খানের সঙ্গে তাঁর ছবি করার সুযোগ হয়নি কখনো। এ প্রসঙ্গে তিনি জানান, সালমানের সঙ্গে অভিনয় করার সুযোগ হলে তিনি তা লুফে নেবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস। বলিউড লাইফ ডটকম।