শাহরুখের 'ফিফটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

ক্রিকেট মাঠ হলে ব্যাটটাকে আলতো উঁচিয়ে উদ্যাপন করতে পারতেন। ফিফটির মালিক যেহেতু শাহরুখ খান, নিশ্চয়ই তিনি ব্যতিক্রমভাবেই উদ্যাপন করবেন। সেই উদ্যাপনে থাকবে এই বার্তাও, বয়স তাঁর কাছে স্রেফ একটা সংখ্যা। এখনো ১৫ বছর বয়সী খ্যাপা প্রেমিকের সঙ্গেও পাল্লা দিতে তিনি তৈরি। রোমান্টিকতার সবুজে রাঙা তাঁর হৃদয়।
২ নভেম্বর ৫০ পূর্ণ করতে চলেছেন শাহরুখ। ১৯৬৫ সালে দিল্লির মধ্যবিত্ত এক পরিবারের ভাড়া বাসায় বেড়ে ওঠা। স্কুলের অনুষ্ঠানে অভিনেত্রী মুমতাজ আর অভিনেতা অমিতাভ বচ্চনের অনুকরণ করে হাততালি কুড়ানো। থিয়েটার আর ড্রামা স্কুলে পাঠ নিয়ে অবশেষে বন্ধুর পথে যাত্রা শুরু। দূরদর্শনে ফৌজিতে সৈনিকের চরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রমেই শাহরুখ নিজেকে প্রতিষ্ঠা করেছেন ‘কিং খান’ হিসেবে। ২৭ বছরের ক্যারিয়ারে এখনো জনপ্রিয়তার শীর্ষে।
৫০তম জন্মদিন তাঁর কাছে আলাদা তাৎপর্য বহন করে কি না, কে জানে। তবে শাহরুখের কাছের মানুষেরা এরই মধ্যে ভাবতে শুরু করেছেন। বিশেষভাবেই উদ্যাপন করতে চান তাঁরা দিনটি। বাজিগর শাহরুখ হয়তো এই বার্তাই দেবেন, ‘বাঁচো বাঁচার আনন্দে, কে জানে, কাল হো না হো’! টিওআই।