শাহরুখের 'সেরা উপহার'!

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খানের ৫০ তম জন্মদিনের ক্ষণটি আসার আগেই তাঁর ভক্তরা এই তারকার জন্মদিন পালন করা শুরু করেছেন। আর বলিউডের কিং খানও ভক্তদের এই আগাম জন্মদিন উদ্যাপনের কারণে উচ্ছ্বসিত। এই অভিনেতা নভেম্বর মাসের ২ তারিখ অর্থাৎ আগামীকাল তাঁর জন্মদিন পালন করবেন।
শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভারতের হৃষিকেশের ‘জামবো জাটস’ নামে একটি গানের দল এরই মধ্যে তাঁদের প্রিয় অভিনেতা শাহরুখ খানকে নিয়ে একটি গান তৈরি করেছে। হৃষিকেশের গানের দলটি শাহরুখকে নিয়ে বানানো তাঁদের এ গানে এই বলিউড অভিনেতার ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মোহাব্বাতেন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ‘রব নে বানা দে জোড়ি’ ছবির বিশেষ মুহূর্তগুলো তুলে এনেছে।
এদিকে, তাঁকে নিয়ে গান বাধার এ বিষয়টিতে শাহরুখ খানও যে উচ্ছ্বসিত হয়েছেন তা টুইটারে এই তারকার টুইট বার্তাতেই স্পষ্ট। ‘হ্যাপি নিউ ইয়ার’ তারকা শাহরুখ হৃষিকেশের গানের ব্যান্ডটির তাঁকে নিয়ে গান বাধার এই উদ্যোগকে তাঁর জীবনের ‘সেরা’ উপহার বলে টুইট করেছেন।
শাহরুখ খান তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘সম্ভবত এটা আমার দেখা সবচেয়ে মিষ্টি একটি বিষয়। কী অসাধারণ একটা গান! ‘জামবো জাটস’দের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেছেন ‘বেস্ট গিফট’।
শাহরুখের টুইটের উত্তরে ‘জামবো জাটস’ দলের তরুণ গায়কেরা টুইট বার্তায় জানিয়েছে, এখন ‘স্যার’-এর (শাহরুখ) ভালোবাসা পেয়ে গেছি। এবার ভারতের এক নম্বর গানের দল হয়েই যাব।