শাড়ি পরা শিখছেন ইরফান খান!

আপাদমস্তক লাল শাড়িতে মোড়ানো। শাড়ির আঁচলের ভেতর দিয়ে যে চেহারাটা দেখা গেল, সেটা কোনো নারীর নয়। ভারতীয় অভিনেতা ইরফান খানের। নতুন ছবি ‘হিন্দি মিডিয়াম’-এর জন্য শাড়ি পরা শিখছেন এ অভিনেতা।
ছবিতে ইরফান খানকে পাঞ্জাবি ব্যবসায়ী ও শাড়ির দোকানমালিকের চরিত্রে দেখা যাবে। ছবির একটি দৃশ্যে ইরফানের বিক্রয়কর্মী তাঁর একজন ধনী ক্রেতাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি দোকান মালিক হওয়া সত্ত্বেও নিজেই শাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন। শাড়ি বিক্রি করতে গিয়েই শাড়ি পরা শিখতে হয়েছে তাঁকে। ইরফান শুধু একজন ভালো অভিনেতাই নন, ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের ওপর প্রশিক্ষণও নিয়েছেন। ইরফান তাঁর অভিনয়কে আরও বাস্তবসম্মত করার জন্য শাড়ি পরা শিখছেন।
‘হিন্দি মিডিয়াম’ ছবিটি পরিচালনা করছেন সাকেত চৌধুরী। ইরফানের সঙ্গে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারকে। ছবিটি মুক্তি দেওয়া হবে ১২ মে। বলিউড হাঙ্গামা।