শিক্ষক দিবসে স্মৃতিকাতর তারকারা

আজ ৫ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড পাড়ার বাসিন্দারাও এই দিনে তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে শিক্ষাজীবনের নানা স্মৃতি মনে পড়ে স্মৃতিকাতরও হচ্ছেন কেউ কেউ।
বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামে খ্যাত ইমরান হাশমি যেমন নির্দ্বিধায় স্বীকার করেছেন, ক্লাস থ্রি বা ফোরে থাকতে নিজের এক শিক্ষিকার ওপর ‘ক্রাশ’ খেয়েছিলেন তিনি। তবে, নিজের সেরা শিক্ষকের খেতাবটি তিনি দিতে চান তাঁর গণিত শিক্ষককে। সেই শিক্ষক তাঁকে বাড়িতে এসে পড়াতেন। রোজ ভোর ৪.৩০টা থেকেই ইমরানকে অঙ্ক কষাতে বসে যেতেন তিনি। হ্যাঁ, শুধু অঙ্ক করার জন্যই প্রতিদিন এত ভোরে উঠতে বাধ্য হতেন হাশমি।
এদিকে, অভিনেতা অর্জুন রামপাল ছিলেন তাঁর শিক্ষকদের সবচেয়ে প্রিয়। জানিয়েছেন, ক্লাসে তিনি যেমন লক্ষ্মী ছিলেন, আবার দুষ্টুমিতেও ছিলেন শিরোমণি। অর্জুনের ধারণা, তাঁর শিক্ষিকারাই তাঁর ওপর ‘ক্রাশ’ খেতেন। তিনি মজা করে বলেন, ‘কেবল আমি জানি কীভাবে সেই বিপদ থেকে বেরিয়ে এসেছি।’ ‘দাবাং’ ছবির খল অভিনেতা সনু সুড অর্জুনের সহপাঠী ছিলেন। তাঁর দেওয়া তথ্যমতে, স্কুলজীবনে সনু মোটেও বাজে ছেলে ছিল না। তাঁকে সবাই ভালো ছেলে বলেই জানত।
আর অভিনেত্রী শিল্পা শেঠি ছিলেন তাঁর ক্লাসের সবচেয়ে সুবোধ বালিকা। মনোযোগী ছাত্রী ছিলেন বলে স্বাভাবিকভাবেই সব শিক্ষকের চোখের মণি ছিলেন শিল্পা। তিনি বলেন, ‘আমার প্রথম শিক্ষাগুরু আমার মা। আমার জীবনে সবচেয়ে বেশি আমি তাঁর কাছ থেকেই শিখেছি।’
ইন্ডিয়ান এক্সপ্রেস।